উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেবেন এবং সাংবাদিকদের মুখোমুখি হবেন।
ফেসবুক পোস্টে ইশরাক হোসেন লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হবো, ইনশাআল্লাহ।’
একই পোস্টে তিনি আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর পদত্যাগ নিয়ে প্রতিক্রিয়া জানানো ব্যক্তিদের উদ্দেশে মন্তব্য করেন। তিনি লেখেন, ভবিষ্যতে আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে সমালোচনাকারীরা যেন জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেন।
তিনি আরও বলেন, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে দেশের বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন।
গত শনিবার (১৭ অক্টোবর) রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে অংশ নিয়ে বিতর্কের জন্ম দেন ইশরাক হোসেন। তাঁর নিজের ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাঁকে গাড়ি থেকে নেমে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে চিৎকার করতে দেখা যায়। ভিডিওতে তাঁর সঙ্গে থাকা কয়েকজনকে সন্দেহভাজন ব্যক্তিদের ধরতে দৌড়াতেও দেখা যায়।
এ ঘটনার পর রোববার (১৮ অক্টোবর) প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে সংবাদ ছড়িয়ে পড়ে। তবে সে সময় গণমাধ্যমে পাঠানো এক অডিও বার্তায় ইশরাক হোসেন ওই খবরকে ‘গুজব ও ভিত্তিহীন’ বলে দাবি করেন।
রোববার দিবাগত রাত ১২টা ৩৫ মিনিটে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি পদত্যাগসংক্রান্ত সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেন। সেখানে তিনি বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মন্ত্রিসভার কোনো সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হলে তা কার্যকর করার বিষয়টি প্রথাগতভাবে বাধ্যতামূলক। এ ধরনের সিদ্ধান্ত কার্যকর হলে দ্রুত সংবাদ সম্মেলনের মাধ্যমে দেশবাসীকে জানানোর কথাও উল্লেখ করেন তিনি।
এরপর সোমবার সকালে নিজের পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী।
গত শনিবার বিকেলে রাজধানীর গেণ্ডারিয়া রেলস্টেশনসংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর রেলগেট এলাকায় মাদকবিরোধী অভিযানে যান ইশরাক হোসেন। তাঁর ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে তাঁকে হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে নির্দেশ দিতে দেখা যায়। এ সময় পাশে থাকা এক ব্যক্তিকে গুলি করার হুমকি দিতে শোনা যায়। তবে ওই ব্যক্তির পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ভিডিওতে প্রতিমন্ত্রীর সঙ্গে থাকা দেহরক্ষীদের কয়েকজনকে লোকজনকে ধরতে দৌড়াতে দেখা যায়। তাঁদের একজনকে এক তরুণকে লাথি মারতেও দেখা যায়। পরে আরেকটি ভিডিওতে আটক ব্যক্তিদের পুলিশের হাতে তুলে দেওয়ার দৃশ্য দেখা যায়।
প্রতিবেদন অনুযায়ী, ঘটনাস্থলে ইশরাক হোসেনের ব্যক্তিগতভাবে নিয়োগ দেওয়া দুই দেহরক্ষী তোফাজ্জল হোসেন ও লাভলুর পাশাপাশি একজন সরকারি দেহরক্ষীও উপস্থিত ছিলেন। ব্যক্তিগত দেহরক্ষীদের কাছেও অস্ত্র ছিল বলে ভিডিওতে দেখা যায়।
ইশরাক হোসেনের পদত্যাগের ঘোষণার পর এখন দুপুর ২টার সংবাদ সম্মেলনে তিনি কী জানান, সেদিকে নজর রয়েছে।