উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তাঁকে টার্গেট করে হেয় করা হয়েছে এবং এ ঘটনায় দলকে বিব্রত করতে চান না বলে জানিয়েছেন তিনি।
সোমবার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন ইশরাক। এ সময় তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন।
ইশরাক হোসেন বলেন, ‘প্রধানমন্ত্রী, আমি পদত্যাগ করতে চাই। আমার জন্য যেন কাউকে বিব্রত হতে না হয়।’
তিনি আরও বলেন, গত দুই-তিন দিন ধরে একটি বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশি-বিদেশি গণমাধ্যমে কিছুটা সত্য তুলে ধরা হলেও কিছু বিষয় অতিরঞ্জিত করা হয়েছে। এমনকি কল্পকাহিনিও তৈরি করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, তাঁকে টার্গেট করে হেয় করা হয়েছে এবং এতে দলও বিব্রত হয়েছে।
পদত্যাগের কারণ ব্যাখ্যা করে ইশরাক বলেন, দায়িত্বে থাকার পুরো সময় ঢাকা-৬ আসন ও আশপাশের এলাকায় মাদক নির্মূলসহ বিভিন্ন সমস্যা নিয়ে কাজ করতে চান তিনি।
এর আগে অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়াকে কেন্দ্র করে বিতর্কের মুখে পড়েন ইশরাক হোসেন। এ ঘটনার পর রোববার (১৮ অক্টোবর) সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে ডেকে পদত্যাগের নির্দেশ দেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
তবে সংবাদ সম্মেলনে ইশরাক নিজের পদত্যাগকে স্বেচ্ছায় নেওয়া সিদ্ধান্ত হিসেবে তুলে ধরেন এবং ঢাকা-৬ আসনকেন্দ্রিক কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেন।