উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে দেশজুড়ে শুরু হচ্ছে টানা পাঁচ দিনের সরকারি ছুটি। আগামী শনিবার (২৪ অক্টোবর) পর্যন্ত এ ছুটি চলবে। দীর্ঘ ছুটিকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেক মানুষ। বাস, রেল ও লঞ্চ টার্মিনালে ঘরমুখো যাত্রীদের চাপ বাড়ছে।
ছুটির সময়ে সরকারি ও স্বায়ত্তশাসিত কার্যালয়, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ারবাজার এবং আদালতের স্বাভাবিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে জরুরি চিকিৎসাসেবা, নিত্যপ্রয়োজনীয় জরুরি সেবা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম চালু থাকবে।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকেই রাজধানী ছাড়তে শুরু করেন কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। দীর্ঘ ছুটিতে পরিবারের সঙ্গে সময় কাটাতে অনেকে গ্রামের বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন। এ কারণে গণপরিবহনের বিভিন্ন টার্মিনালে যাত্রীদের বাড়তি চাপ দেখা গেছে।
যেভাবে মিলছে পাঁচ দিনের ছুটি
জনপ্রশাসন মন্ত্রণালয়ের ৭ অক্টোবর প্রকাশিত প্রজ্ঞাপন অনুযায়ী, ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজা উপলক্ষে ছুটি নির্ধারণ করা হয়। এর সঙ্গে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা পাঁচ দিনের অবকাশ তৈরি হয়েছে।
সরকারি বর্ষপঞ্জি অনুযায়ী, মঙ্গলবার (২০ অক্টোবর) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি এবং বুধবার (২১ অক্টোবর) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে।
এর আগে ৫ অক্টোবর সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ছুটি পুনর্নির্ধারণের বিষয়টি অনুমোদন করা হয় বলে উল্লেখ করা হয়েছে। ছুটির সমন্বয় করতে গত শনিবার (১৭ অক্টোবর) সরকারি দপ্তরগুলো খোলা রেখে কাজ চালানো হয়েছিল।
সব মিলিয়ে মঙ্গলবার থেকে শনিবার পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটিতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মীদের মধ্যে ছুটির আমেজ তৈরি হয়েছে।