উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার দশকানি এলাকায় ইন্ডাস্ট্রিয়াল সল্ট ও ক্ষতিকর কৃত্রিম রং মিশিয়ে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদনের দায়ে রাজধানী চিপস ও ভাই ভাই চিপস নামে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় প্রতিষ্ঠান দুটির ২ হাজার ৫০০ কেজি ক্ষতিকর উপাদান মিশ্রিত চিপস জব্দ করে ধ্বংস করা হয়। পাশাপাশি কারখানা দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সোমবার (১৯ অক্টোবর) সদর উপজেলার দশকানি এলাকায় বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের সহযোগিতায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়।
অভিযান সূত্রে জানা যায়, প্রতিষ্ঠান দুটি অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য কাঁচা চিপস উৎপাদন করছিল। উৎপাদিত চিপসে ক্ষতিকর সিনথেটিক কালার ও ইন্ডাস্ট্রিয়াল সল্ট ব্যবহার করা হচ্ছিল। এ ছাড়া চিপসের বস্তা ও মোড়কে প্রয়োজনীয় লেবেলিং বা মার্কিং ছাড়াই পণ্য বিক্রি, বিতরণ ও বাজারজাত করা হচ্ছিল।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪২ ধারায় প্রতিষ্ঠান দুটিকে মোট ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেন মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক।
অভিযানে জব্দ করা ২ হাজার ৫০০ কেজি ক্ষতিকর উপাদান মিশ্রিত চিপস ধ্বংসের নির্দেশ দেওয়া হয়। পরে বিএসটিআইয়ের কর্মকর্তারা যথাযথ প্রক্রিয়ায় এসব চিপস ধ্বংস করেন।
এ ছাড়া নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে মুন্সীগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠান দুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেয়।
অভিযানে বিএসটিআইয়ের আঞ্চলিক কার্যালয়, নারায়ণগঞ্জের উপপরিচালক (সিএম) ও অফিসপ্রধান কে. এম. হানিফ, সহকারী পরিচালক (মেট্রোলজি) মো. রাকিবুল আলম, ফিল্ড অফিসার (সিএম) মো. ইয়াছির আরাফাত এবং পরিদর্শক (মেট্রোলজি) মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।