উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রাঢ়িখালে অভিযান চালিয়ে ৫০০ পিস ইয়াবাসহ মো. ফরহাদ হোসেন ওরফে বাবু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (১৯ অক্টোবর) মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শ্রীনগর থানাধীন রাঢ়িখাল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় জেলা গোয়েন্দা শাখার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ কামরুল হাসান পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল রাঢ়িখাল এলাকার আল আমিন মৃধার মুদি দোকানের সামনের পাকা সড়কে অভিযান চালায়। এ সময় ফরহাদ হোসেনকে ৫০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ফরহাদ হোসেনের পিতার নাম মৃত গফুর আকন। তাঁর স্থায়ী ঠিকানা ঢাকার দোহার থানার লটাখোলা এলাকায়। তিনি বর্তমানে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার বালাসুর ফ্যান ফ্যাক্টরি এলাকায় শহিদুল বেপারীর বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।