উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ঢাকা–নারায়ণগঞ্জ লিংক রোডে সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দিয়ে সড়ক বিভাজকের ওপর উঠে গেছে একটি প্রাইভেটকার। এ ঘটনায় অটোরিকশার তিন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় জানা যায়নি।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে যুব উন্নয়ন অধিদপ্তরের বিপরীত পাশে চাষাঢ়ামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, সাদা রঙের একটি প্রাইভেটকার (চট্টগ্রাম মেট্রো-খ-১১-০০৭০) সিএনজিচালিত অটোরিকশাটিকে (নারায়ণগঞ্জ-থ-১১-১০৭৯) ধাক্কা দেয়। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এতে অটোরিকশাটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং এর তিন যাত্রী আহত হন।
পরে আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
অটোরিকশার চালক মো. সেহেল মিয়া সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার বাসিন্দা। প্রাইভেটকারের চালক নাসিম আনোয়ার একই থানার মিজমিজি এলাকার বাসিন্দা।
খবর পেয়ে নারায়ণগঞ্জ ট্রাফিক বিভাগের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি নিরাপদ স্থানে সরিয়ে নেয়।