উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের অভিনয়জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনের একটি তিক্ত অভিজ্ঞতাও সম্প্রতি আলোচনায় এসেছে। তাঁর অভিনীত নতুন সিনেমা ‘পূজা মেরি জান’ মুক্তির পর অতীতের এমন একটি ঘটনার কথা সামনে আনেন অভিনেত্রী, যা একসময় তাঁকে মানসিকভাবে আঘাত করেছিল।
জি ফাইভে মুক্তি পাওয়া সিনেমাটিতে ভালোবাসা, প্রত্যাখ্যান এবং ব্যক্তিগত সিদ্ধান্তের প্রতি সম্মান দেখানোর বিষয়গুলো তুলে ধরা হয়েছে। সিনেমার গল্পের সঙ্গে নিজের জীবনের একটি ঘটনার মিল খুঁজে পেয়েছেন ম্রুণাল। এ কারণে সামাজিক যোগাযোগমাধ্যমে অতীতের সেই অভিজ্ঞতা নিয়ে কথা বলেন তিনি।
ম্রুণাল জানান, একসময় তাঁর দুই ঘনিষ্ঠ বন্ধু তাঁকে পছন্দ করতেন। তবে তাঁদের প্রেমের প্রস্তাবে রাজি হননি অভিনেত্রী। নিজের সিদ্ধান্ত স্পষ্টভাবে জানিয়ে দুজনকেই প্রত্যাখ্যান করেছিলেন তিনি। কিন্তু তাঁর সেই সিদ্ধান্ত সহজভাবে মেনে নিতে পারেননি বন্ধুরা। বরং এরপর তাঁকে নিয়ে নেতিবাচক কথা বলতে শুরু করেন তাঁরা।
অভিনেত্রীর ভাষ্য অনুযায়ী, ২৫ থেকে ২৬ বছর বয়সে তিনি বিষয়টি নিয়ে ওই দুই বন্ধুর মুখোমুখি হন। তখন তাঁরা স্বীকার করেন, তাঁদের আচরণ যে ম্রুণালকে বুলিং বা মানসিকভাবে হেনস্তা করার শামিল ছিল, তা তাঁরা বুঝতে পারেননি। প্রায় ১২ বছর পর তাঁরা অভিনেত্রীর কাছে ক্ষমাও চান।
ম্রুণাল অভিনীত ‘পূজা মেরি জান’ সিনেমাতেও প্রত্যাখ্যানের পরিণতি এবং একজন নারীর নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার তুলে ধরা হয়েছে। সিনেমায় পূজা ডোগরা নামের চরিত্রে অভিনয় করেছেন ম্রুণাল। তাঁর দীর্ঘদিনের প্রেমিক অনিক বিয়ের প্রস্তাব দিলে পূজা তা প্রত্যাখ্যান করেন। এরপর অনিকের চরম সিদ্ধান্তের কারণে পূজাকে সামাজিকভাবে নানা অপমান ও কটূক্তির মুখোমুখি হতে হয়। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত আইনজীবীর সহায়তা নিতে হয় তাঁকে।
সিনেমাটিতে ম্রুণালের পাশাপাশি অভিনয় করেছেন বিক্রম সিং চৌহান ও হুমা কুরেশি। গল্পের মাধ্যমে ভালোবাসার নামে কাউকে নিজের সিদ্ধান্তে বাধ্য করা কিংবা প্রত্যাখ্যানের কারণে তাঁকে দোষারোপ করার প্রবণতাও তুলে ধরা হয়েছে।
ম্রুণালের এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে একটি গুরুত্বপূর্ণ বিষয়—কাউকে ভালো লাগলেই তার কাছ থেকে ভালোবাসা পাওয়ার অধিকার তৈরি হয় না। প্রেমের প্রস্তাব গ্রহণ বা প্রত্যাখ্যান করা প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা, আর সেই সিদ্ধান্তকে সম্মান করাই সুস্থ সম্পর্কের অন্যতম শর্ত।