উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে ইশরাক হোসেনের পদত্যাগ এবং মাদকবিরোধী অভিযানে তাঁর হাতে আগ্নেয়াস্ত্র থাকা—দুই বিষয়েই মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
মঙ্গলবার (২০ অক্টোবর) চট্টগ্রামে জামায়াতের সাবেক রুকন ও সদস্য সম্মেলন-২০২৬-এ অংশ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেনের পদত্যাগ প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী চেয়েছেন বলেই ইশরাক পদত্যাগ করেছেন।’ তিনি বলেন, ইশরাকের পদত্যাগের বিষয়টি তাঁদের দলের সিদ্ধান্ত ছিল।
মাদকবিরোধী অভিযানে ইশরাকের হাতে আগ্নেয়াস্ত্র থাকার বিষয়ে জামায়াত আমির বলেন, মাদক সমাজকে ধ্বংস করে দিচ্ছে। এ পরিস্থিতিতে মাদকবিরোধী অভিযান প্রয়োজন এবং ইশরাক যা করা দরকার, তা করেছেন। অভিযানে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।
তবে অভিযানের সময় ইশরাকের হাতে বন্দুক থাকা উচিত হয়নি বলে মন্তব্য করেন তিনি। শফিকুর রহমান বলেন, ভালো উদ্দেশ্য থাকলেই সব পদ্ধতি সঠিক হয়ে যায় না। বিশেষ করে একজন জনপ্রতিনিধি বা রাষ্ট্রের দায়িত্বশীল ব্যক্তির প্রকাশ্যে বন্দুক হাতে নেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক থাকা উচিত।
মাদক নিয়ন্ত্রণের পরিবর্তে মাদক নির্মূলের ওপর গুরুত্ব দিয়ে জামায়াত আমির বলেন, মাদক নির্মূলে প্রয়োজনীয় আইন প্রণয়নের পাশাপাশি কার্যকর ও বাস্তবসম্মত পদক্ষেপ নিতে হবে।
মঙ্গলবার সকাল ১১টা ২৫ মিনিটে চট্টগ্রামের খুলশীর জিইসি কনভেনশন হলে জামায়াতের সাবেক রুকন ও সদস্য সম্মেলন-২০২৬ শুরু হয়। চট্টগ্রাম মহানগর জামায়াত এ সম্মেলনের আয়োজন করে। দুপুর ১টা ১৫ মিনিটে সম্মেলন শেষ হয়। এতে প্রায় দুই হাজার থেকে আড়াই হাজার মানুষ অংশ নেন।
সম্মেলনে জামায়াত আমির সংগঠনের সাবেক রুকন ও সদস্যদের আজীবন সংগঠনের আদর্শ ও লক্ষ্য বাস্তবায়নে কাজ করার আহ্বান জানান। তিনি বলেন, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থান এখনো যথাযথ স্বীকৃতি পায়নি। অতীতে জামায়াতের নেতা-কর্মীরা নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
নির্বাচনের ফলাফল নিয়ে অসন্তোষের প্রসঙ্গে শফিকুর রহমান বলেন, বৃহত্তর স্বার্থে তাঁরা ফলাফল মেনে নিয়েছেন। তবে ভবিষ্যতেও একইভাবে মেনে নেবেন—এমন নিশ্চয়তা নেই বলে তিনি মন্তব্য করেন।
জামায়াত মানুষের কাছে ‘জান্নাতের টিকিট বিক্রি করে’—এমন অভিযোগও নাকচ করেন দলটির আমির। তিনি বলেন, তাঁরা জান্নাতের টিকিট বিক্রি করেন না; বরং মানুষকে জান্নাতের পথ দেখানোর চেষ্টা করেন।
সম্মেলন শেষে দুপুর ১টা ২০ মিনিটের দিকে শফিকুর রহমান চট্টগ্রামের চকবাজারের হোটেল পেনিনসুলায় যান। সেখানে মধ্যাহ্নভোজ ও বিশ্রামের পর বিকেল ৪টা ৩৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল। এ ছাড়া তাঁর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) নেতাদের সঙ্গে সাক্ষাতের কর্মসূচিও ছিল।