উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
অভিনেতা চঞ্চল চৌধুরী, অভিনেত্রী মেহের আফরোজ শাওন, নিপুণ আক্তার ও জয়া আহসানসহ বিনোদন, গণমাধ্যম, ক্রীড়া ও শিক্ষা অঙ্গনের ৯০ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে (দুদক) অনুসন্ধানের আবেদন করা হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময়ে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে অবৈধ সম্পদ অর্জন ও সরকারি সুযোগ-সুবিধার অপব্যবহারের অভিযোগ তুলে এ আবেদন করেছে রাষ্ট্রসংলাপ ফোরাম। গত ১৩ সেপ্টেম্বর রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান বরাবর আবেদনটি জমা দেওয়া হয়। রাষ্ট্রসংলাপ ফোরামের সভাপতি আ এন এম আয়াসের নেতৃত্বে সংগঠনটির প্রতিনিধিরা আবেদন জমা দেন। আবেদনে সংশ্লিষ্ট ব্যক্তিদের আয়-ব্যয়ের হিসাব, সম্পদের উৎস, ব্যাংক লেনদেন, সরকারি অনুদান এবং বিভিন্ন প্রকল্প ও প্রতিষ্ঠান থেকে পাওয়া আর্থিক সুবিধার তথ্য যাচাইয়ের অনুরোধ জানানো হয়েছে।
আবেদনে বিনোদন ও সাংস্কৃতিক অঙ্গনের উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী, ফেরদৌস আহমেদ, রিয়াজ আহমেদ, অভিনেত্রী জয়া আহসান, মেহের আফরোজ শাওন, সুবর্ণা মুস্তাফা, নিপুণ আক্তার, রোকেয়া প্রাচী, মাহিয়া মাহি, জ্যোতিকা জ্যোতি, সোহানা সাবা, জায়েদ খান, তারানা হালিম ও আশনা হাবিব ভাবনাসহ আরও অনেকে। এ ছাড়া গণমাধ্যম অঙ্গনের নাইমুল ইসলাম খান, মুন্নী সাহা, সুভাষ সিংহ রায়, সৈয়দ ইশতিয়াক রেজা ও আশরাফুল আলম খোকনের নামও আবেদনে রয়েছে। ক্রীড়া অঙ্গন থেকে মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, নাইমুর রহমান দুর্জয়, কাজী নাবিল আহমেদ ও আরিফ খান জয়ের নাম উল্লেখ করা হয়েছে। শিক্ষা অঙ্গনের সাবেক উপাচার্য ও শিক্ষাবিদদের নামও রয়েছে তালিকায়।
রাষ্ট্রসংলাপ ফোরামের আবেদনে অভিযোগ করা হয়েছে, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে রাজনৈতিক প্রভাব ও সরকারি পৃষ্ঠপোষকতা কাজে লাগিয়ে তালিকাভুক্ত ব্যক্তিদের কেউ কেউ বিপুল সম্পদের মালিক হয়েছেন। তাঁদের সম্পদের সঙ্গে বৈধ আয়ের সামঞ্জস্য রয়েছে কি না, সরকারি অর্থ ও সুযোগ-সুবিধা কীভাবে ব্যবহার করা হয়েছে এবং আর্থিক লেনদেনের প্রকৃতি কী—এসব বিষয় খতিয়ে দেখার অনুরোধ জানানো হয়েছে। সংগঠনটির পক্ষ থেকে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত। আবেদন জমা দেওয়ার সময় দুদক সচিবের কাছে বিষয়টি তুলে ধরা হয়। আওয়ামী লীগ সরকারের সময়ে বিভিন্ন অঙ্গনের পরিচিত ব্যক্তিদের রাজনৈতিক ভূমিকা, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং সম্পদের উৎস নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে এ আবেদনের পর।