উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জে কর চালানপত্র ছাড়াই সুতার ব্যবসা পরিচালনার অভিযোগে ‘এস. আর. ট্রেড’-এর একটি অনিবন্ধিত গোডাউনে অভিযান চালিয়ে প্রায় ৩ কোটি ২০ লাখ টাকা মূল্যের সুতা জব্দ করেছে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট। সোমবার সকালে নারায়ণগঞ্জ সদর উপজেলার টানবাজার জিমখানা এলাকার ‘এস. আর. ট্রেড’-এর গোডাউনে এ অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী রাজীব সাহা। কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের একটি প্রিভেন্টিভ টিম গোপন সংবাদের ভিত্তিতে গোডাউনটিতে তল্লাশি চালায়। এ সময় চীন, মালয়েশিয়া ও ভিয়েতনাম অরিজিনের পলিয়েস্টার ও নাইলন ইয়ার্নসহ ৭৭ হাজার ৩৯০ কেজি কর চালানপত্রবিহীন সুতা উদ্ধার করা হয়।
এ ছাড়া গোডাউন থেকে আরও ১০ হাজার কেজি কর চালানপত্রবিহীন স্থানীয় সুতা পাওয়া যায়। সব মিলিয়ে জব্দ করা সুতার পরিমাণ ৮৭ হাজার ৩৯০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য ৩ কোটি ২০ লাখ টাকা। কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযোজ্য রাজস্ব আদায়ের লক্ষ্যে জব্দ করা সুতার বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কর চালানপত্রবিহীন বিপুল পরিমাণ সুতা মজুতের ঘটনায় টানবাজারের সুতার ব্যবসায় রাজস্ব পরিপালন নিয়ে প্রশ্ন উঠেছে।