উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুক্তরাজ্যের দিকে ধেয়ে আসছে মৌসুমের প্রথম নামযুক্ত ঝড় ‘অস্টেন’ (Austen)। সপ্তাহের শেষ দিকে দেশটির দক্ষিণাঞ্চলে ঝড়টির প্রভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ মাইল বা প্রায় ৯৬ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর।
যুক্তরাজ্যের আবহাওয়া দপ্তর মেট অফিস জানিয়েছে, মঙ্গলবার ও বুধবার দেশটির বিভিন্ন এলাকায় বৃষ্টি ও ঝোড়ো বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃহস্পতিবারের মধ্যে ঝড় অস্টেন দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কাছাকাছি পৌঁছাতে পারে। আটলান্টিক মহাসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ জেট স্ট্রিমের প্রভাবে দ্রুত শক্তিশালী হয়ে ঝড়ে রূপ নিচ্ছে।
ঝড়ের প্রভাবে সম্ভাব্য ক্ষয়ক্ষতি ও জনজীবনে বিঘ্নের আশঙ্কায় শুক্রবার রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণ-পশ্চিম ইংল্যান্ড ও দক্ষিণ ওয়েলসের বিস্তীর্ণ এলাকায় হলুদ সতর্কতা জারি করেছে মেট অফিস। ব্রাইটন পর্যন্ত দক্ষিণ উপকূলের কিছু এলাকাও এর আওতায় রয়েছে।
মেট অফিসের উপপ্রধান পূর্বাভাস কর্মকর্তা টম ক্র্যাবট্রি বলেন, ঝড়টির সুনির্দিষ্ট গতিপথ ও অবস্থান এখনো নির্ধারণ করা হচ্ছে। তবে আবহাওয়ার একটি উল্লেখযোগ্য পরিবর্তন আসছে এবং কয়েকটি এলাকায় জনজীবন ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণেই ঝড়টির নামকরণ করা হয়েছে।
তিনি জানান, উপকূলের সবচেয়ে উন্মুক্ত এলাকাগুলোতে ঘণ্টায় ৭০ মাইল বা প্রায় ১১৩ কিলোমিটারের বেশি বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে। সতর্কতার আওতাভুক্ত অন্যান্য এলাকায় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৫০ থেকে ৬০ মাইল বা প্রায় ৮০ থেকে ৯৬ কিলোমিটার হতে পারে।
শুক্রবার পশ্চিম থেকে পূর্ব দিকে অগ্রসর হবে ঝড়টি। দিনের শেষভাগে বাতাসের তীব্রতা কমে আসার সম্ভাবনা রয়েছে। একই সময়ে বিভিন্ন এলাকায় ২০ থেকে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। শুক্রবার রাতে ঝড়টি উত্তর সাগরের দিকে সরে গেলেও সপ্তাহান্তে এবং পরবর্তী সপ্তাহের শুরুতে আবারও বৃষ্টি ও ঝোড়ো হাওয়া দেখা দিতে পারে। পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলোতে ভারী বৃষ্টির আশঙ্কা বেশি।
যেভাবে নামকরণ করা হয় ঝড়ের
যুক্তরাজ্যে ঝড়ের মৌসুম সেপ্টেম্বর থেকে পরবর্তী বছরের আগস্ট পর্যন্ত ধরা হয়। প্রতি মৌসুমের জন্য ইংরেজি বর্ণমালার ক্রমানুসারে ঝড়ের নামের তালিকা তৈরি করা হয়। চলতি মৌসুমের প্রথম নাম ‘অস্টেন’। এরপর তালিকায় রয়েছে বোয়েলো, ক্লোয়ি, ডানো ও এভলিনসহ অন্যান্য নাম।
মেট অফিসের পাশাপাশি আয়ারল্যান্ডের আবহাওয়া সংস্থা মেট এয়ারান এবং নেদারল্যান্ডসের আবহাওয়া সংস্থা কেএনএমআই যৌথভাবে ঝড়ের নাম নির্ধারণ করে। জনসাধারণের কাছ থেকেও নামের প্রস্তাব নেওয়া হয়। তবে অস্টেন নামটি আয়ারল্যান্ডের আবহাওয়া সংস্থার প্রথম পরিচালক অস্টেন নাগলের স্মরণে রাখা হয়েছে।
২০১৫ সাল থেকে যুক্তরাজ্যে ঝড়ের নামকরণ চালু হয়। মেট অফিসের মতে, ঝড়ের নাম নির্ধারণের ফলে পূর্বাভাস ও সতর্কবার্তা সহজে মানুষের কাছে পৌঁছানো যায় এবং সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় মানুষ আগে থেকেই প্রস্তুতি নিতে পারে।