উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে লক্ষ্মী নারায়ণ কটন মিলস দুর্গা মন্দিরের জমি দখলের অভিযোগ উঠেছে পোশাকশিল্প প্রতিষ্ঠান নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে। এক যুগেরও বেশি সময় ধরে চলা এ বিরোধের সমাধান না হওয়ায় এবার দুর্গাপূজার প্রতিমা বিসর্জন না দেওয়ার ঘোষণা দিয়েছেন মন্দির কমিটির নেতারা। তাঁদের দাবি, মন্দিরের জমি বুঝিয়ে দিয়ে নিয়মিত পূজা-অর্চনার পরিবেশ নিশ্চিত করতে হবে। বিষয়টি জানার পর মঙ্গলবার বিকেলে মন্দির পরিদর্শনে যান সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম ফয়েজ উদ্দিন। এ সময় মন্দির কমিটির নেতারা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে জানান, মন্দিরের জমি দখলের প্রতিবাদে তাঁরা প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।ইউএনও জানান, জমি নিয়ে বিরোধ সমাধানে আগামী ২৬ অক্টোবর বৈঠকে বসার কথা মন্দির কমিটিকে জানানো হয়েছে। মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী বলেন, গত ৪ অক্টোবর প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়ে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে।
লক্ষ্মী নারায়ণ কটন মিলস সার্বজনীন দুর্গাপূজা উদ্যাপন কমিটির সভাপতি মিন্টু চন্দ্র দাস জানান, শতবর্ষী এ মন্দিরে এবার ৮৪তম দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। তবে মন্দিরের জমি নিয়ে বিরোধের কারণে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা সারা বছর সেখানে পূজা-অর্চনা করতে পারছেন না বলে অভিযোগ করেন তিনি। মিন্টু চন্দ্র দাস বলেন, “কেবল দুর্গাপূজার সময় এলে এক সপ্তাহের জন্য মন্দিরের গেট খুলে দেওয়া হয়। বিসর্জনের পর আর কেউ ওই মন্দিরে পূজা-অর্চনা করতে পারেন না।” মন্দির কমিটির অভিযোগ, নিট কনসার্ন গ্রুপের পক্ষে নিয়োজিত নিরাপত্তাকর্মীরা মন্দিরে প্রবেশে বাধা দেন। মন্দির, পুকুর ও মাঠের জমি দখলের চেষ্টার অভিযোগও করেছেন তাঁরা। জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে দেওয়া চিঠিতে মন্দির কমিটি দাবি করেছে, বাংলাদেশ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের অধীনে নিবন্ধিত মন্দিরটির চারপাশে সীমানাপ্রাচীর নির্মাণ করে সনাতন ধর্মাবলম্বীদের প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। এ ছাড়া ২০২৩ সালের ১৭ জুন মন্দিরে ভাঙচুরের অভিযোগও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও লক্ষ্মী নারায়ণ কটন মিলসের শেয়ারহোল্ডারদের দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৭২ সালে কারখানাটি রাষ্ট্রায়ত্ত করা হয়। দীর্ঘদিন লোকসানের পর ২০০০ সালে সরকার কারখানাটির মালিকানা ৫১০ জন শ্রমিক ও কর্মচারীর মধ্যে হস্তান্তর করে। পরে ২০১২ সালে নিট কনসার্ন গ্রুপ বিনিয়োগকারী হিসেবে কারখানাটির পরিচালনার সঙ্গে যুক্ত হয়। মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগী বলেন, মালিকানা পরিবর্তনের সময় মন্দির, মসজিদ, পুকুর ও মাঠের জমি সুনির্দিষ্টভাবে উল্লেখ ছিল। কিন্তু তাঁদের অভিযোগ, এসব জমি দখলে রেখে মন্দিরের জায়গা বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তিনি বলেন, “আমরা চাই, মন্দিরের জায়গা মেপে বুঝিয়ে দেওয়া হোক। কিন্তু বছরের পর বছর এইটা হচ্ছে না।”
মিন্টু চন্দ্র দাস জানান, জমি বিরোধের স্থায়ী সমাধান চেয়ে বিভিন্ন সময়ে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়েছে। তবে তাঁদের অভিযোগ, আশ্বাস ছাড়া কার্যকর কোনো সমাধান পাননি তাঁরা। তিনি বলেন, গত বছরও প্রতিবাদ হিসেবে প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশাসনের আশ্বাসে শেষ মুহূর্তে সেই সিদ্ধান্ত থেকে সরে আসেন তাঁরা। এবারও সমাধান না হলে শুধু আশ্বাসের ভিত্তিতে সিদ্ধান্ত পরিবর্তন করবেন না বলে জানান তিনি। মিন্টু চন্দ্র দাসের ভাষ্য, বিষয়টি বাংলাদেশ সনাতন পার্টির পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়েও জানানো হয়েছে। সোমবার মন্দিরের পূজার আয়োজন পরিদর্শনে যান জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ। ওই সময় তাঁকে প্রতিমা বিসর্জন না দেওয়ার সিদ্ধান্তের কথা জানান সনাতন পার্টির জেলা কমিটির সভাপতি টনি মল্লিক। টনি মল্লিক বলেন, “আমাদের মন্দিরটা সবসময় তালা মেরে রাখে। সনাতনীরা এখানে কোনো পূজা দিতে পারেন না। আমরা তাই এবার এ মন্দিরের প্রতিমা বিসর্জন দেব না। দুর্গাপ্রতিমা এই মন্দিরেই থাকবে। মন্দিরের ভেতরে নিত্যপূজা চলবে।”
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন বলেন, পূজার কার্যক্রমে প্রতিবন্ধকতার অভিযোগ তুলে মন্দির কমিটির নেতারা এবার প্রতিমা বিসর্জন না দেওয়ার কথা জানিয়েছেন। গত বছরও তাঁরা একই সিদ্ধান্তের কথা বলেছিলেন। পরে প্রশাসনের আশ্বাসে সিদ্ধান্ত থেকে সরে আসেন। ইউএনও বলেন, “আমরা তাঁদের সঙ্গে আলোচনা করছি। আগামী ২৬ অক্টোবর মন্দিরের জমির বিষয়ে বৈঠকে বসার কথাও তাঁদের জানানো হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা করছি।” তবে মঙ্গলবার রাতে মন্দির কমিটির নেতারা আবারও জানান, এবার তাঁরা আর আশ্বাসে সিদ্ধান্ত থেকে পিছু হটবেন না। এ বিষয়ে বক্তব্য জানতে নিট কনসার্ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জয়নাল আবেদীন মোল্লার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন ধরেননি। অভিযোগের বিষয়ে বার্তা পাঠানো হলেও তাঁর কোনো জবাব পাওয়া যায়নি।