উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা রিপন হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতে ইসলামীর আমির ও সিটি করপোরেশনের মেয়র প্রার্থী মাওলানা আবদুল জব্বার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।
গত ১৮ অক্টোবর রাত সাড়ে ১১টার দিকে রূপগঞ্জ উপজেলার ভোলাবো ইউনিয়নের পাইস্কা এলাকায় নিজ বাড়ির সামনে রিপনকে কুপিয়ে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। নিহত রিপন ওই ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সহসভাপতি এবং পাইস্কা এলাকার মহিবুল্লার ছেলে।
এক বিবৃতিতে মাওলানা আবদুল জব্বার অভিযোগ করেন, রাজনৈতিক আধিপত্য বিস্তার ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে।
তিনি বলেন, “নারায়ণগঞ্জের রূপগঞ্জে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার ও ভাগ-বাটোয়ারা কেন্দ্র করে দলাদলি ও কোন্দলে একটি প্রাণ ঝরে গেল, যা অত্যন্ত উদ্বেগজনক। বিএনপি যেখানে মুখে ‘সবার আগে বাংলাদেশ’-এর কথা বলছে, সেখানে বাস্তবে নিজেদের ভাগ-বাটোয়ারা ও আধিপত্য বজায় রাখতে গিয়ে নিজেদের সহকর্মীদের জীবন কেড়ে নিচ্ছে।”
আবদুল জব্বার আরও বলেন, রাজনৈতিক কারণে আইন নিজের হাতে তুলে নেওয়া এবং সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি রিপন হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান।