উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সৌদি আরবে দুই বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে একটি গোপনীয় প্রতিবেদন পাঠিয়েছে জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট জেনারেল। প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই বাংলাদেশি ২০২৩ সালের আগস্ট থেকে পৃথক অভিযোগে কারাবন্দী থাকলেও কনস্যুলেটের কাছে থাকা বন্দীতালিকায় তাঁদের মৃত্যুদণ্ডের সাজার কোনো তথ্য ছিল না। গত ১৮ অক্টোবর জেদ্দা কনস্যুলেটের শ্রম উইং থেকে মন্ত্রণালয়ে পাঠানো চিঠিতে জানানো হয়, গত ১৪ অক্টোবর সৌদি আরবের মক্কায় নজরুল ইসলাম আব্দুল বশির ও সুইটি আক্তারের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। তাঁরা দুজনই সৌদির আল মাজাল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
কনস্যুলেটের হাতে আসা ৩০ সেপ্টেম্বরের হালনাগাদ বন্দীতালিকার তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ১ আগস্ট সৌদি আরবের সাইবার অপরাধ আইনে নজরুল ইসলামকে আটক করা হয়। পরদিন ২ আগস্ট ব্যভিচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় সুইটি আক্তারকে। নজরুল জেদ্দা সংশোধনাগারে এবং সুইটি জেদ্দা মহিলা কারাগারে বন্দী ছিলেন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, তালিকায় থাকা ৯৭ জন বন্দীর অপরাধের সংক্ষিপ্ত বিবরণ দেওয়া হলেও নজরুল ও সুইটি আক্তারের ক্ষেত্রে সংশ্লিষ্ট কলাম ফাঁকা ছিল। সেখানে তাঁদের বিরুদ্ধে দেওয়া কোনো বিচারিক রায় কিংবা মৃত্যুদণ্ডের সাজার তথ্য উল্লেখ করা হয়নি।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, সৌদি আরবে সাইবার অপরাধ কিংবা ব্যভিচারের অভিযোগে কোনো বাংলাদেশি নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকরের নজির কনস্যুলেটের জানা নেই। নথির হিসাব অনুযায়ী, সৌদি আরবের পশ্চিমাঞ্চলের বিভিন্ন কারাগারে বর্তমানে ৩০৬ জন বাংলাদেশি বন্দী রয়েছেন। তাঁদের মধ্যে ১৪৭ জনের কারাদণ্ডের মেয়াদ এক মাস থেকে ১৫ বছর পর্যন্ত। সাইবার অপরাধের তিনটি পৃথক মামলায় আসামিদের ছয় মাস থেকে সর্বোচ্চ পাঁচ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছিল।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে জানানো হয়নি কনস্যুলেটকে
প্রতিবেদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করা হয়েছে, দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের রায় ঘোষণা কিংবা তা কার্যকরের বিষয়ে সৌদি কর্তৃপক্ষ বাংলাদেশ দূতাবাস বা জেদ্দা কনস্যুলেট জেনারেলকে আগে থেকে আনুষ্ঠানিক বা অনানুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি।
এ ঘটনায় জেদ্দার বাংলাদেশ কনস্যুলেট সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মক্কা শাখায় একটি আনুষ্ঠানিক ‘নোট ভার্বাল’ বা কূটনৈতিক বার্তা পাঠিয়েছে। এতে পুরো বিচারপ্রক্রিয়ার বিস্তারিত তথ্য এবং আদালতের মূল রায়ের অনুলিপি চাওয়া হয়েছে। কনস্যুলেট জানিয়েছে, আদালতের রায়ের অনুলিপি পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত তথ্যসহ পরবর্তী প্রতিবেদন মন্ত্রণালয়ে দাখিল করা হবে।