উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
আইসিসির ওয়ানডে বোলারদের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে বাংলাদেশের দুই পেসার তাসকিন আহমেদ ও শরিফুল ইসলামের। ৯ ধাপ এগিয়ে ১২ নম্বরে উঠে এসেছেন তাসকিন। অন্যদিকে, দুই ধাপ উন্নতি করে ১১ নম্বরে জায়গা করে নিয়েছেন শরিফুল।
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ হালনাগাদ র্যাঙ্কিংয়ে এ তথ্য উঠে এসেছে। সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে চলমান ত্রিদেশীয় সিরিজে পারফরম্যান্সের সুবাদে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের এই দুই পেসারের।
ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে শুরুতেই প্রতিপক্ষের তিনটি উইকেট তুলে নেন তাসকিন। তবে তার এই পারফরম্যান্সের পরও ম্যাচটি জিততে পারেনি বাংলাদেশ।
এদিকে, ওয়ানডে বোলারদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান আরও শক্ত করেছেন আফগানিস্তানের তারকা স্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের বিপক্ষে ১৭ রান দিয়ে ৪ উইকেট নেওয়ায় তার রেটিং পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৭৪২-এ। দ্বিতীয় স্থানে থাকা পাকিস্তানের আবরার আহমেদ ও তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আফ্রিকার কেশব মহারাজের চেয়ে ৮০ পয়েন্টে এগিয়ে রয়েছেন তিনি।
ব্যাটিং র্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে আফগানিস্তানের তরুণ ব্যাটার সিদিকুল্লাহ আতালের। জিম্বাবুয়ের বিপক্ষে ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ২০ নম্বরে উঠে এসেছেন তিনি।
এ ছাড়া রাওয়ালপিন্ডিতে সিরিজ শেষে ব্যাটিং র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে পাকিস্তানের সালমান আগা ও ইংল্যান্ডের বেন ডাকেটের। সালমান আগা ১২তম এবং ডাকেট ১৩তম স্থানে উঠে এসেছেন।
অন্যদিকে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি সিরিজ শেষে সংক্ষিপ্ত সংস্করণের র্যাঙ্কিংয়েও পরিবর্তন এসেছে। ব্যাটারদের তালিকায় দুই ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক শাই হোপ। ছয় ধাপ এগিয়ে ১৮ নম্বরে জায়গা পেয়েছেন শেরফেন রাদারফোর্ড। বোলারদের তালিকায় ১০ ধাপ এগিয়ে ২৬তম স্থানে উঠে এসেছেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি স্পিনার গুডাকেশ মোতি।