উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ পৌর শহরের মুন্সীরহাটে নিজ নিজ দোকানে অবৈধ কারেন্টজাল রাখার দায়ে দুই ব্যবসায়ী খোরশেদ আলম (৬২) ও মোহাম্মদ আবুল হোসেনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। তাঁদের দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার কারেন্টজাল উদ্ধার করা হয়। বুধবার (২১ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ৫টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে মুন্সীরহাটে দুই ব্যবসায়ীর দোকানে অভিযান চালানো হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম জানান, খোরশেদ আলম ও মোহাম্মদ আবুল হোসেনের দোকান থেকে আনুমানিক ৩ লাখ টাকা মূল্যের ১০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল উদ্ধার করা হয়েছে।
খোরশেদের বিরুদ্ধে বাড়িতে কারেন্টজালের গোডাউন করার অভিযোগ
খোরশেদ আলমের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি মুন্সীগঞ্জ শহরের মাঠপাড়া এলাকায় নিজের বাড়িতে অবৈধ কারেন্টজালের গোডাউন গড়ে তুলেছেন। সেখানে লাখ লাখ টাকার কারেন্টজাল মজুত করে রাখেন তিনি। পরে সেখান থেকে কিছু জাল মুন্সীরহাটের দোকানে এনে বিক্রি করেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী, বহু বছর ধরে এভাবে কারেন্টজালের ব্যবসা করে আসছেন খোরশেদ আলম। শুকনো মৌসুমে কারেন্টজাল মজুত করে রাখেন তিনি। পরে বর্ষা মৌসুমে জালের দাম বাড়লে মজুত করা জাল একসঙ্গে বিক্রি করে দেন বলেও অভিযোগ রয়েছে। অভিযানে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম মোস্তফা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল হাসেম, মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক আব্দুল মাবুদ, উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমানসহ নৌ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে উদ্ধার করা ১০ হাজার মিটার কারেন্টজাল মৎস্য কর্মকর্তার নির্দেশনায় নদীর পাড়ে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। জালগুলোর আনুমানিক বাজারমূল্য ৩ লাখ টাকা বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মা ইলিশের প্রজনন সুরক্ষা এবং অবৈধ কারেন্টজালের ব্যবহার বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অভিযান অব্যাহত রয়েছে।