উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় সড়কের পাশ থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার হওয়া যুবদল নেতা জহির ফকির (৫০) মারা গেছেন। বুধবার (২১ অক্টোবর) রাতে স্থানীয় দুই ব্যক্তি তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসকের ভাষ্য, হাসপাতালে নেওয়ার সময় তিনি জীবিত ছিলেন। অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ৮টা ৪০ মিনিট থেকে ৮টা ৫০ মিনিটের মধ্যে সোনারগাঁয়ের বালুরঘাট এলাকার একটি মাদ্রাসাসংলগ্ন সড়কের পাশে জহির ফকিরকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন দুই ব্যক্তি। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন ছিল। পরে তাঁরা তাঁকে উদ্ধার করে রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান।
উদ্ধারকারীদের একজন রবিউলসানি (১৯)। তিনি সরকারি হরগঙ্গা কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। অপরজন জুনায়েদ সাগর (২৩), পেশায় মিশুকচালক।
জহির ফকির নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি এবং আড়াইহাজার উপজেলা যুবদলের এক নম্বর আহ্বায়ক বলে জানা গেছে। তাঁর স্থায়ী ঠিকানা আড়াইহাজারের খালিয়ার চর এলাকায়। তিনি মুন্সীগঞ্জ শহরের খালইস্ট এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন। পাশাপাশি নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চর কিশোরগঞ্জ এলাকায় ব্যবসা করতেন।
কীভাবে জহির ফকির আহত হয়েছেন এবং কারা তাঁকে আঘাত করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তী সময়ে জানানো হবে।