উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রাজনৈতিক কারণে তাঁদের বাবাকে হত্যা মামলায় ফাঁসানো হয়েছে—এমন দাবি করে বাবার মুক্তির আকুতি নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ির সামনে দাঁড়িয়েছিলেন দুই মেয়ে। তাঁদের হাতে ছিল বাবার মুক্তির আবেদনসংবলিত পোস্টার। তাঁদের আকুতি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে পরিবারটির পাশে দাঁড়ানোর নির্দেশনা দেওয়া হয় রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসককে। গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাজশাহীতে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমনের সময় এ ঘটনা ঘটে। দুই তরুণী হলেন রাজশাহীর বাগমারা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুর রশিদ রেন্টুর মেয়ে জারিন তাসনিম রাহি ও সাদিয়া তাহমিন মাহি। তাঁদের বাবা একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হিসেবে কারাবন্দী রয়েছেন।
প্রতিবেদন অনুযায়ী, দুই মেয়েকে দেখে প্রধানমন্ত্রীকে বহনকারী বাস থেমে যায়। নিরাপত্তার দায়িত্বে থাকা বিজিবি সদস্যরা তাঁদের বাধা দিলেও তাঁরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হন। এ সময় এক মেয়ের হাত থেকে পোস্টারটি নেওয়া হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় পরিবারটির পাশে দাঁড়ানোর উদ্যোগ নেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন।
বুধবার (২১ অক্টোবর) নগর ভবনে মাহাবুর রশিদ রেন্টুর স্ত্রী সৈয়দা দিলরুবা আফরোজ এবং তাঁদের দুই মেয়েকে ডেকে নেন প্রশাসক। এ সময় তিনি পরিবারটিকে আর্থিক সহায়তা দেন। পাশাপাশি কারাবন্দী রেন্টুর আইনি সহায়তা এবং পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দেন। মাহফুজুর রহমান রিটন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁকে কারাবন্দী বিএনপি নেতার পরিবারের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী তিনি পরিবারটির পাশে দাঁড়িয়েছেন। পরিবারের একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করার পাশাপাশি কারাগারে রেন্টুর আইনগত সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং আইনি বিষয়ে সার্বিক সহযোগিতা করা হবে।
মাহাবুর রশিদের মেয়ে জারিন তাসনিম রাহি বলেন, প্রধানমন্ত্রী তাঁদের সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সঙ্গে দেখা করতে বলেছেন এবং পরিবারটির দায়িত্ব দিয়েছেন। প্রশাসক তাঁদের পাশে থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বাবার মুক্তি না হওয়া পর্যন্ত তাঁকে যতটা সম্ভব ভালো রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন।
যে হত্যা মামলায় মৃত্যুদণ্ড
২০১০ সালের ১৫ মার্চ রাতে রাজশাহী নগরের নিউমার্কেট এলাকায় ছুরিকাঘাতে রাজু আহম্মেদ নামের এক কলেজছাত্র নিহত হন। এ ঘটনায় মাহাবুর রশিদ রেন্টুসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়। ২০২১ সালের ১২ অক্টোবর রাজশাহীর আদালত মামলার রায়ে রেন্টুসহ পাঁচজনকে মৃত্যুদণ্ড দেন। মামলার এক আসামি মারা যান এবং অন্য নয়জন খালাস পান। রেন্টুর মেয়েদের দাবি, রাজনৈতিক কারণে তাঁদের বাবাকে ওই হত্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁরা আরও জানান, তাঁদের বাবা বর্তমানে গুরুতর অসুস্থ। বাবার মুক্তির দাবিতে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা ক