উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
একটি ‘ভয়াবহ চক্রান্ত’ থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের পরামর্শে মন্ত্রিসভা থেকে পদত্যাগের সিদ্ধান্তকে নিজের জন্য এযাবৎকালের সেরা পরামর্শ বলেও উল্লেখ করেছেন তিনি। বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এসব কথা লেখেন ইশরাক হোসেন।
পোস্টে তিনি লেখেন, প্রধানমন্ত্রী তাঁকে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দিয়েছিলেন। তিনি একবাক্যে সেই নির্দেশ মেনে নেন। প্রথমে বিষয়টিকে শাস্তি মনে হলেও তারেক রহমান আগেই বুঝতে পেরেছিলেন, একটি গণমাধ্যম ও একটি স্বার্থান্বেষী গোষ্ঠী তাঁকে ঘিরে ক্ষতিকর পরিকল্পনা সাজাচ্ছে বলে তাঁর ধারণা।
ইশরাকের দাবি, পরিকল্পনা অনুযায়ী ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশ ও মিথ্যা প্রচারণার মাধ্যমে তাঁর চরিত্র হননের চেষ্টা করা হতো। একই সঙ্গে শুভাকাঙ্ক্ষী জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে তাঁর দূরত্ব তৈরি করে তাঁকে রাজনৈতিকভাবে একঘরে করার পরিস্থিতি সৃষ্টি করা হতো। এর পরিণতিতে তাঁর রাজনৈতিক জীবনের অবসানও ঘটতে পারত বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
পোস্টে তারেক রহমানের প্রতি নিজের আস্থার কথা তুলে ধরে ইশরাক লেখেন, তিনি তাঁকে ছোট ভাইয়ের মতো স্নেহ করেন এবং তাঁর জন্য কোনটি ভালো, তা সব সময় বিবেচনায় রাখেন। জীবনে একাধিকবার এর প্রমাণ পেয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশে ইশরাক বলেন, তিনি একটি কঠিন কাজ শুরু করতে যাচ্ছিলেন। সেই কাজের সূত্র ধরে তৈরি হওয়া একটি ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে সরিয়ে নিয়ে রক্ষা করতে পেরেছেন বলে তাঁর বিশ্বাস।
নিজের বক্তব্যের ব্যাখ্যায় তিনি লেখেন, কেবল ফেসবুকে স্ট্যাটাস দেওয়ার জন্য কথাগুলো বলেননি। কয়েক দিন আগে তারেক রহমানের বলা কথার সঙ্গে বর্তমান পরিস্থিতি মিলিয়ে দেখছেন বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে নিজ দলের কোনো সুযোগসন্ধানী ব্যক্তি আঁতাতের সঙ্গে জড়িত থাকলে প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন ইশরাক। একই সঙ্গে ঢাকার রাজনীতিতে ‘ক্ষেত-খামারির কূটচাল’ চলবে না বলেও মন্তব্য করেন তিনি।
ইশরাক হোসেনের এই বক্তব্য তাঁর ব্যক্তিগত ফেসবুক পোস্টে দেওয়া দাবি ও পর্যবেক্ষণের ভিত্তিতে প্রকাশিত।