উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মার্কিন সংবাদমাধ্যম পলিটিকোর প্রকাশিত তিনটি প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের দাবি জানিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এ জন্য সংবাদমাধ্যমটিকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি পূরণ না করলে আইনি পদক্ষেপসহ ‘সব বিকল্প’ বিবেচনার হুঁশিয়ারি দিয়েছে হোয়াইট হাউস। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনের বরাত দিয়ে জানা গেছে, গত সোমবার হোয়াইট হাউসের আইনবিষয়ক প্রধান উইল শার্ফ পলিটিকোর গ্লোবাল এডিটর ইন চিফ জোনাথন গ্রিনবার্গারকে এ বিষয়ে চিঠি পাঠান। বৃহস্পতিবার ওই সময়সীমা শেষ হওয়ার কথা।
চিঠিতে বিতর্কিত তিনটি প্রতিবেদন প্রত্যাহার বা সংশোধনের পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্প ও হোয়াইট হাউসের চিফ অব স্টাফ সুসি ওয়াইলসের কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো ডিজিটাল আর্কাইভ থেকেও সরিয়ে নেওয়ার কথা বলা হয়েছে।
শার্ফের অভিযোগ, প্রতিবেদনগুলোতে সুসি ওয়াইলসকে নিয়ে মিথ্যা তথ্য প্রকাশ করেছে পলিটিকো। প্রতিবেদন প্রকাশের আগে হোয়াইট হাউসের জ্যেষ্ঠ কর্মকর্তারা এবং প্রেসিডেন্ট নিজেও সংশ্লিষ্ট তথ্য অস্বীকার করেছিলেন বলে দাবি করেন তিনি। তবে পলিটিকো এখন পর্যন্ত প্রতিবেদনগুলো প্রত্যাহার বা সংশোধন করেনি। এ বিষয়ে মন্তব্য জানতে যোগাযোগ করা হলেও সংবাদমাধ্যমটির এক মুখপাত্র সাড়া দেননি বলে অ্যাক্সিওসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
বিতর্কের কেন্দ্রে রয়েছে গত ১৫ ও ১৬ অক্টোবর পলিটিকোর প্রকাশিত তিনটি প্রতিবেদন। ১৫ অক্টোবর প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সুসি ওয়াইলসের পরিবর্তে অন্য কাউকে নিয়োগ দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। প্রেসিডেন্ট ওই প্রতিবেদনকে ‘ভুয়া খবর’ বলে অভিহিত করেন। পরদিন প্রকাশিত আরেকটি প্রতিবেদনে দাবি করা হয়, আগের প্রতিবেদন প্রকাশের পর হোয়াইট হাউসে তীব্র উত্তেজনা তৈরি হয় এবং ট্রাম্প ক্ষুব্ধ হন। হোয়াইট হাউসের এক মুখপাত্র ওই প্রতিবেদনকে ‘অবিশ্বাস্য রকমের বোকামিপূর্ণ ও মিথ্যা’ বলে মন্তব্য করেন।
১৬ অক্টোবর প্রকাশিত তৃতীয় প্রতিবেদনে পলিটিকো ইঙ্গিত দেয়, ফক্স নিউজে শন হ্যানিটির অনুষ্ঠানে কেটি জাকারিয়ার সাক্ষাৎকারের ব্যবস্থা করেছিলেন সুসি ওয়াইলস, যাতে সাক্ষাৎকারে জাকারিয়া বিব্রতকর পরিস্থিতিতে পড়েন। হোয়াইট হাউস ও ফক্স নিউজ উভয়ই এ দাবি অস্বীকার করে।
হোয়াইট হাউসের কর্মকর্তারা পলিটিকোকে দেওয়া কিছু খুদে বার্তার কথা উল্লেখ করেছেন, যেগুলোতে সাক্ষাৎকারের ব্যবস্থা ওয়াইলস নয়, জাকারিয়া নিজেই করেছিলেন বলে দাবি করা হয়। পরদিন নিউইয়র্ক পোস্টেও এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়।
শার্ফের অভিযোগ, সংশ্লিষ্ট তথ্য ও প্রতিবাদ উপেক্ষা করে পলিটিকো প্রতিবেদনগুলো বহাল রেখেছে। তাঁর ভাষায়, সংবাদমাধ্যমের স্বাধীনতা পেশাগত দায়বদ্ধতা এড়িয়ে যাওয়ার সুযোগ নয়।
পলিটিকোর বিরুদ্ধে এই হুঁশিয়ারি এমন সময়ে এল, যখন ট্রাম্প প্রশাসনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছে।
প্রতিবেদন অনুযায়ী, পলিটিকো, সিএনএন ও এমএস নাউকে ওভাল অফিস এবং প্রেসিডেন্টের উড়োজাহাজ এয়ার ফোর্স ওয়ানে সংবাদ সংগ্রহের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছিল। ট্রাম্পের সংবাদ পরিবেশন তাঁর পছন্দ না হওয়াকে এসব পদক্ষেপের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
তবে গত ১৩ অক্টোবর এক বিচারক সংবাদমাধ্যমগুলোর হোয়াইট হাউস প্রাঙ্গণে প্রবেশাধিকার পুনর্বহাল করেন। এদিকে, এয়ার ফোর্স ওয়ানে প্রবেশাধিকার ও প্রেসিডেন্টের সঙ্গে সফরকারী টেলিভিশন সংবাদমাধ্যমগুলোর সম্মিলিত সংবাদ সংগ্রহকারী দলে অংশ নেওয়ার সুযোগ ফিরে পেতে বুধবার আইনি পদক্ষেপ নেওয়ার হুমকি দেয় সিএনএন।
ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শুরুতেও সংবাদমাধ্যমের প্রবেশাধিকার নিয়ে বিরোধ দেখা দেয়। মেক্সিকো উপসাগরকে ‘আমেরিকা উপসাগর’ নামে অভিহিত করার বিষয়ে ট্রাম্পের অবস্থান মেনে নিতে অস্বীকৃতি জানানোর পর অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) ওভাল অফিস ও এয়ার ফোর্স ওয়ানে সংবাদ সংগ্রহের সুযোগ থেকে নিষিদ্ধ করা হয়েছিল। পরে এক ফেডারেল বিচারক এপির প্রবেশাধিকার পুনর্বহাল করেন।
পলিটিকোর বিরুদ্ধে ঠিক কী ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে, তা স্পষ্ট করেননি শার্ফ। তবে হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, ‘সব বিকল্পই বিবেচনার টেবিলে রয়েছে।’ ট্রাম্পের আইনবিষয়ক প্রধানের এবারের অবস্থান আগের যেকোনো সময়ের চেয়ে কঠোর বলেও মন্তব্য করেন ওই কর্মকর্তা।
হোয়াইট হাউসের কর্মকর্তারা পলিটিকোর নতুন ব্যবস্থাপনার সমালোচনাও করেছেন। তাঁদের অভিযোগ, নতুন ব্যবস্থাপনা গুজবনির্ভর প্রতিবেদন প্রকাশে সংবাদকর্মীদের উৎসাহিত করছে।
এদিকে, গত শনিবার হোয়াইট হাউসের যোগাযোগবিষয়ক পরিচালক স্টিভেন চিয়াং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পলিটিকোকে ‘বিদেশি পরিচালিত অভিযান’ হিসেবে আখ্যা দেন। তাঁর অভিযোগ, সংবাদমাধ্যমটি যুক্তরাষ্ট্রের রাজনীতিতে হস্তক্ষেপ এবং বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এ প্রসঙ্গে পলিটিকোর মালিকানাধীন জার্মান কোম্পানি অ্যাক্সেল স্প্রিঙ্গারের পরিচয়ও আলোচনায় এসেছে।
পলিটিকোর বিরুদ্ধে শেষ পর্যন্ত কী পদক্ষেপ নেওয়া হয়, তা এখনো স্পষ্ট নয়। তবে প্রতিবেদন প্রত্যাহার, প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা এবং সম্ভাব্য আইনি ব্যবস্থার হুমকি ট্রাম্প প্রশাসন ও সংবাদমাধ্যমটির মধ্যকার বিরোধকে আরও তীব্র করেছে।