উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিভিন্ন শিল্পকারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাইস মিল, ডাইং ও ফিড মিলসহ বিভিন্ন কারখানার চিমনি থেকে নির্গত ধোঁয়া আশপাশের বসতবাড়ি, কৃষিজমি ও গাছপালায় ছড়িয়ে পড়ছে। এতে দৈনন্দিন জীবনযাত্রায় ভোগান্তি পোহাতে হচ্ছে তাঁদের।
উপজেলার গোপালদী পৌরসভার রামচন্দ্রদী, দাইরাদী, জালাকান্দি ও দুপ্তারাসহ বিভিন্ন এলাকায় এ সমস্যা নিয়ে অভিযোগ রয়েছে। বাসিন্দাদের ভাষ্য, দিনের বিভিন্ন সময়ে কারখানার চিমনি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। ধোঁয়ার সঙ্গে বাতাসে ছড়িয়ে পড়া কালো ধুলা বাড়ির আঙিনা, কাপড়চোপড় ও গাছের পাতায় জমছে। কোথাও কোথাও পোড়া জ্বালানির গন্ধেও অস্বস্তি তৈরি হচ্ছে।
স্থানীয়দের দাবি, কিছু শিল্পপ্রতিষ্ঠানে ধোঁয়া নিয়ন্ত্রণ ও পরিশোধনের ব্যবস্থা যথাযথভাবে কার্যকর কি না, তা খতিয়ে দেখা প্রয়োজন। কারখানার চিমনির উচ্চতা এবং দূষণ নিয়ন্ত্রণব্যবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা।
দাইরাদী এলাকার বাসিন্দা নাসিমা বেগম বলেন, ধোঁয়ার কারণে ঘরের জানালা খুলে রাখতেও অস্বস্তি হয়। তাঁর অভিযোগ, ধোঁয়ার মধ্যে চোখ জ্বালাপোড়া করে এবং শ্বাস নিতে কষ্ট হয়। বিশেষ করে ছোট শিশুদের স্বাস্থ্য নিয়ে তিনি উদ্বিগ্ন।
রামচন্দ্রদী এলাকার কৃষক শাহ আলমের আশঙ্কা, কারখানা থেকে নির্গত ধোঁয়া ও ধুলা কৃষিজমির ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে। তিনি বলেন, ধান ও সবজির পাতায় কালো আস্তরণ দেখা যাচ্ছে। আগের তুলনায় ফলন কম হচ্ছে বলেও তাঁর ধারণা।
এ বিষয়ে আড়াইহাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আসাদুর রহমান বলেন, শিল্পকারখানাগুলোকে পরিবেশ অধিদপ্তরের বিধিমালা অনুসরণ করে পরিচালনা করতে হবে। কোনো কারখানায় নিয়মবহির্ভূতভাবে কালো ধোঁয়া নির্গমন, চিমনির উচ্চতা কিংবা দূষণ নিয়ন্ত্রণব্যবস্থায় ঘাটতির অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দারা বলছেন, শিল্পকারখানার দূষণ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত নজরদারি প্রয়োজন। তাঁদের দাবি, অভিযোগের বিষয়গুলো সরেজমিনে পরীক্ষা করে পরিবেশদূষণ রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া