উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের কাছ থেকে ২০২৫ সালে ৩৮৮ থেকে ৫০৯ মিলিয়ন মার্কিন ডলার পর্যন্ত আয় করেছে মানবপাচারকারী চক্রগুলো। জাতিসংঘের মাদক ও অপরাধবিষয়ক দপ্তর (ইউএনওডিসি) এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, গত বছর ইউরোপে পৌঁছানোর চারটি প্রধান সমুদ্রপথে মানবপাচারকারীদের সহায়তায় আনুমানিক ১ লাখ ৯০ হাজার থেকে ২ লাখ ৯ হাজার মানুষ যাত্রা করেছেন। এসব যাত্রায় বিপুল অর্থ ব্যয়ের পাশাপাশি প্রাণহানির ঝুঁকিও ছিল।
ইউরোপে যাওয়ার চারটি প্রধান সমুদ্রপথের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় রুট। উত্তর আফ্রিকা থেকে ইতালি ও মাল্টার সঙ্গে সংযোগকারী এই পথে ২০২৫ সালে আনুমানিক ৮৪ হাজার থেকে ১ লাখ ৪০০ জন যাত্রা করেছেন।
আইওএমের জরিপ অনুযায়ী, উত্তর আফ্রিকা বা তুরস্ক থেকে এই পথে ইউরোপে যাওয়ার চেষ্টা করা অভিবাসনপ্রত্যাশীদের প্রায় অর্ধেক জানিয়েছেন, জনপ্রতি তাদের ৭ হাজার ৫০০ ডলারের বেশি ব্যয় হয়েছে।
দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত পথ পূর্ব ভূমধ্যসাগরীয় রুট। এই পথে আনুমানিক ৪৮ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৩০০ জন যাত্রা করেছেন। তুরস্ক, লিবিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন এলাকার সঙ্গে গ্রিস, সাইপ্রাস ও বুলগেরিয়ার সংযোগ রয়েছে এই রুটে।
এ ছাড়া উত্তর-পশ্চিম আফ্রিকার উপকূল থেকে আটলান্টিক মহাসাগর পেরিয়ে স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জে যাওয়ার পথে প্রায় ৩৩ হাজার যাত্রার হিসাব পাওয়া গেছে। উত্তর ও পশ্চিম আফ্রিকা থেকে স্পেনে যাওয়ার পশ্চিম ভূমধ্যসাগরীয় পথে যাত্রীর সংখ্যা ছিল প্রায় ২৪ হাজার ৫০০।
রুটভেদে পাচারকারীদের নেওয়া অর্থের পরিমাণেও বড় পার্থক্য রয়েছে। আটলান্টিক রুটে জনপ্রতি ব্যয় কোনো কোনো ক্ষেত্রে ১৭০ ডলার পর্যন্ত হতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মানবপাচারকারীদের অর্থ দিলেই যে ইউরোপে পৌঁছানো নিশ্চিত হয়, তা নয়। ২০২৫ সালে ইউরোপে যাওয়ার সমুদ্রপথগুলোতে আনুমানিক ৩ হাজার ৪০৪ জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। একই সময়ে সমুদ্রে প্রায় ১ লাখ ৪ হাজার ২০০ জনকে আটক করে ফিরিয়ে দেওয়া হয়েছে।
ইউএনওডিসির হিসাব অনুযায়ী, ২০২৫ সালে সেন্ট্রাল ভূমধ্যসাগরীয় পথে যাত্রা করা ব্যক্তিদের মধ্যে আনুমানিক ৭২ থেকে ৮৬ শতাংশ মানবপাচারকারীদের সহায়তা নিয়েছেন। আটলান্টিক রুটে এ হার ছিল ৭৩ থেকে ৮৩ শতাংশ।
পূর্ব ভূমধ্যসাগরীয় পথে এই হার ৭৫ থেকে ৯০ শতাংশ এবং পশ্চিম ভূমধ্যসাগরীয় পথে ৫৭ থেকে ৯০ শতাংশের মধ্যে ছিল।
তবে সংস্থাটি স্পষ্ট করেছে, সমুদ্রপথে অনিয়মিতভাবে ইউরোপে প্রবেশের চেষ্টা করা প্রত্যেক ব্যক্তি মানবপাচারকারীদের সহায়তা নেন না।
জাতিসংঘের সংস্থাগুলোর এই পরিসংখ্যান অনিয়মিত অভিবাসনের সঙ্গে যুক্ত অপরাধী চক্রগুলোর আর্থিক কর্মকাণ্ডের ব্যাপকতা তুলে ধরেছে। উন্নত জীবনের আশায় ইউরোপে যেতে আগ্রহী মানুষের আকাঙ্ক্ষাকে কাজে লাগিয়ে এসব চক্র বিপুল অর্থ আয় করছে।
অন্যদিকে, বিপুল অর্থ ব্যয় করেও গন্তব্যে পৌঁছানোর নিশ্চয়তা পাচ্ছেন না অভিবাসনপ্রত্যাশীরা। বিপজ্জনক সমুদ্রযাত্রা, নিখোঁজ হওয়া এবং প্রাণহানির ঘটনা এই পথগুলোর ঝুঁকি আরও স্পষ্ট করে তুলছে।
সূত্র: ইনফোমাইগ্রেন্টস; জাতিসংঘের ইউএনওডিসি ও আইওএমের প্রতিবেদন।