উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দরে একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডে আনুমানিক আড়াই কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ সময় আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার উত্তর লক্ষণখোলা এলাকার একটি টিনশেড তুলার গোডাউনে আগুন লাগে।
কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, সকাল ৮টা ৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে বন্দর ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে কাঁচপুর মডার্ন ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তিনটি ইউনিটের চেষ্টায় সকাল ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, আগুনে গোডাউনের টিনশেড, তুলার বেল্ট, বেল্ট প্রেসের যন্ত্রপাতি, বৈদ্যুতিক তারসহ বিভিন্ন মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক দুই কোটি ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অন্যদিকে, আগুনের কবল থেকে প্রায় পাঁচ কোটি টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করছে ফায়ার সার্ভিস। তবে তদন্তের পর অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে বলে জানান জাহাঙ্গীর আলম।