উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গুলি ও ককটেল হামলার ঘটনা ঘটেছে। এতে ককটেলের আঘাতে সাইফুল হাওলাদার (২১) নামে এক যুবকের ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে। এ ছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আবু সাঈদ সৈয়াল (৬৫) নামে এক বৃদ্ধ। মারধরে আহত হয়েছেন হৃদয় (২২) নামে আরেক যুবক।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাত ৪টার দিকে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের পূর্ব মাকাহাটি গ্রামে এ ঘটনা ঘটে। আহত সাইফুল ও আবু সাঈদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে মিল্টন মল্লিক, মুন্না ও আল-আমিন নামে তিনজনকে আটক করেছে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশ। এদিকে, গুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণে গ্রামজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় প্রভাবশালী রহিম আলী মোল্লা ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আওলাদ হোসেন মোল্লার কর্মী-সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। এর জের ধরে বুধবার রাতে রহিম আলী মোল্লার সমর্থক মিল্টন মল্লিকের নেতৃত্বে আওলাদ মোল্লার কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের ভাষ্য, হামলাকারীরা এলোপাতাড়ি গুলি ছোড়ার পাশাপাশি একের পর এক ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় প্রাণ বাঁচাতে দৌড়ে পালানোর চেষ্টা করলে সাইফুলের হাতে ককটেল লাগে। এতে তাঁর ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়। একই ঘটনায় আবু সাঈদ গুলিবিদ্ধ এবং হৃদয় মারধরের শিকার হয়ে আহত হন। হামলাকারীরা একটি মসজিদেও ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।
আহত সাইফুলের মা পেয়ার বেগম অভিযোগ করে বলেন, রাত ৪টার দিকে রহিম মোল্লার সমর্থক মিল্টন মল্লিক দলবল নিয়ে তাঁর ছোট ছেলের বসতবাড়িতে হামলা চালান। এ সময় এলোপাতাড়ি গুলি ও মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। ভয়ে পালানোর সময় ছেলের দিকে ককটেল ছোড়া হলে তা থেকে বাঁচতে গিয়ে তাঁর ডান হাতের তিনটি আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।
মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তসলিম উদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।