উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলা চলচ্চিত্রের কালজয়ী নির্মাতা ও বীর মুক্তিযোদ্ধা চাষী নজরুল ইসলামের জন্মদিন আজ ২৩ অক্টোবর। ১৯৪১ সালের এই দিনে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার সমষপুর গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র নির্মাণে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশের চলচ্চিত্র ইতিহাসে স্মরণীয় হয়ে আছেন।
১৯৬১ সালে পরিচালক ফতেহ লোহানীর সহকারী হিসেবে চলচ্চিত্রজগতে যাত্রা শুরু করেন চাষী নজরুল ইসলাম। পরে প্রখ্যাত পরিচালক ও অভিনেতা খান আতাউর রহমানের সঙ্গেও কাজ করেন তিনি। চলচ্চিত্র নির্মাণের পাশাপাশি ছাত্রজীবনে প্রগতিশীল রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সরাসরি অংশ নেন।
স্বাধীনতার পর ১৯৭২ সালে তাঁর পরিচালনায় মুক্তি পায় ‘ওরা ১১ জন’। বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্রের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ সৃষ্টি। চলচ্চিত্রটিতে প্রকৃত মুক্তিযোদ্ধাদের অভিনয়ের সুযোগ দেওয়া হয়। সদ্য স্বাধীন দেশের মানুষের ত্যাগ, সংগ্রাম ও বিজয়ের অনুভূতি তুলে ধরে ছবিটি ব্যাপক পরিচিতি লাভ করে।
মুক্তিযুদ্ধের চলচ্চিত্রের পাশাপাশি সাহিত্যনির্ভর সিনেমা নির্মাণেও দক্ষতার পরিচয় দেন চাষী নজরুল ইসলাম। তাঁর পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘সংগ্রাম’, ‘হাঙর নদী গ্রেনেড’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘শুভদা’, ‘চন্দ্রনাথ’ ও ‘দেবদাস’। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে তিনি ১৯৮২ ও ২০১৩ সালে ‘দেবদাস’ নির্মাণ করেন।
চলচ্চিত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি একাধিক পুরস্কার ও সম্মাননা লাভ করেন। ২০০৪ সালে বাংলাদেশ সরকার তাঁকে একুশে পদকে ভূষিত করে। জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন একাধিকবার।
২০১৫ সালের ১১ জানুয়ারি ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন এই কিংবদন্তি নির্মাতা। পরে তাঁকে মুন্সীগঞ্জের শ্রীনগরের সমষপুর গ্রামে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হয়।
চাষী নজরুল ইসলাম আজ বেঁচে নেই, কিন্তু তাঁর নির্মিত চলচ্চিত্র, বিশেষ করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে পর্দায় তুলে ধরার প্রয়াস, বাংলা চলচ্চিত্রে তাঁকে স্মরণীয় করে রেখেছে। মুন্সীগঞ্জের এই কৃতী সন্তান তাঁর কাজের মধ্য দিয়ে নতুন প্রজন্মের কাছেও অনুপ্রেরণার নাম হয়ে থাকবেন।