উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা মামলায় আওয়ামী শ্রমিক লীগ নেতা কালামকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় ফতুল্লার দক্ষিণ সেহাচর লালখা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় একই মামলার আসামি তাঁর ভাতিজা রাকিব পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান বলে জানা গেছে।
কালাম দক্ষিণ সেহাচর লালখা এলাকার শুক্কুর মুন্সির ছেলে। তাঁর ভাই পারুল হোসেন ওরফে পলাশকেও এর আগে একই এলাকার বাড়ি থেকে ছাত্র-জনতা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়। ফলে একই পরিবারের দুই ভাই গ্রেপ্তার হলেও পলাশের ছেলে রাকিব এখনো গ্রেপ্তার হননি।
স্থানীয় সূত্রে জানা যায়, আওয়ামী লীগ সরকারের আমলে কালাম ও পলাশের বিরুদ্ধে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়ে এলাকায় আধিপত্য বিস্তারের অভিযোগ রয়েছে। পলাশ কখনো আওয়ামী লীগ নেতা শাহ নিজাম, আবার কখনো শ্রমিক লীগ নেতা কাউসার আহমেদ পলাশের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন বলে স্থানীয়দের দাবি। কালামও শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা গেছে।
এর আগে পলাশকে গ্রেপ্তারের পর ফতুল্লা মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম জানিয়েছিলেন, পলাশ শ্রমিক লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং বৈষম্যবিরোধী আন্দোলনে একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। সুনির্দিষ্ট তথ্যপ্রমাণের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।
এদিকে রাকিবের বিরুদ্ধে কিশোর গ্যাং পরিচালনা, মাদক ব্যবসা, ছিনতাই ও চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, তিনি একসময় নারায়ণগঞ্জের আলোচিত আজমেরী ওসমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত নাসিরের অনুসারী ছিলেন। আওয়ামী লীগ সরকারের পতনের পর স্থানীয় বিএনপির একটি বলয়ের সঙ্গে তাঁর সখ্য গড়ে ওঠে বলেও অভিযোগ রয়েছে।
স্থানীয়দের একাংশের অভিযোগ, রাজনৈতিক পরিচয় ও প্রভাব কাজে লাগিয়ে রাকিব এলাকায় নিজের অবস্থান ধরে রাখার চেষ্টা করছেন। তবে এসব অভিযোগের বিষয়ে রাকিব কিংবা সংশ্লিষ্ট বিএনপি নেতাদের বক্তব্য পাওয়া যায়নি।
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যা মামলায় একই পরিবারের দুই ভাই গ্রেপ্তার এবং আরেক সদস্য রাকিবের পলাতক থাকার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। স্থানীয়দের একাংশ মামলার সব আসামিকে গ্রেপ্তার এবং রাকিবের বিরুদ্ধে ওঠা অন্যান্য অভিযোগ নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানিয়েছেন।
রাকিবকে গ্রেপ্তারে পুলিশের পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।