উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে ছেলের পালিয়ে বিয়ে করার ঘটনায় স্কুলশিক্ষক বাবাকে রাজনৈতিক মামলায় ফাঁসিয়ে গ্রেপ্তার করানোর অভিযোগ উঠেছে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখের বিরুদ্ধে। এ ঘটনায় সিমারন নামে এক নারীর ফেসবুক লাইভ ভিডিও বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনায় আসে। অভিযোগকারী সিমারন দাবি করেন, তাঁর স্বামী আব্দুল রাজ্জাক (রাজু)–এর বাবা আজিজুর রহমান ঢালীকে আওয়ামী লীগের নেতা পরিচয়ে পুলিশে ধরিয়ে দেওয়া হয়েছে। আজিজুর রহমান ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক। তিনি অসুস্থ এবং তাঁর হৃদ্যন্ত্রের দুটি রক্তনালি ব্লক রয়েছে বলেও দাবি করেন সিমারন। এদিকে রাজু তাঁর স্কুলশিক্ষক বাবার বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার ও তাঁর মুক্তির দাবি জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাজু ও সিমারনের মধ্যে চার বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল। পরে তাঁরা পালিয়ে গিয়ে আদালতের মাধ্যমে বিয়ে করেন। দুজনই টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের মান্দ্রা গ্রামের বাসিন্দা। রাজু ওই গ্রামের আজিজুর রহমান ঢালীর ছেলে এবং সিমারন একই গ্রামের রতন মুন্সীর মেয়ে।
সিমারনের অভিযোগ, দুই পরিবারের কেউ তাঁদের বিয়ে মেনে নেয়নি। একপর্যায়ে তাঁদের আত্মীয় সেলিম শেখ ও তাঁর ভাই শাহীন শেখ তাঁদের বাড়িতে গিয়ে সিমারনের মায়ের সঙ্গে তিন লাখ টাকার বিনিময়ে মৌখিক সমঝোতা করেন। ওই সমঝোতা অনুযায়ী, তাঁদের বিয়ে বিচ্ছেদের ব্যবস্থা করা এবং অন্যত্র বিয়ে দেওয়ার আগপর্যন্ত বিষয়টি দেখভাল করার কথা ছিল বলে দাবি করেন তিনি।
সিমারন আরও দাবি করেন, বিষয়টি জানার পর সুযোগ বুঝে তিনি স্বামী রাজুর কাছে চলে যান। এরপর সেলিম শেখ ও শাহীন শেখের পরামর্শে তাঁর মা রাজুর ভাসুরের বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় উত্তরা থেকে তাঁকে আটক করা হলেও পুলিশ তাঁর বিরুদ্ধে কোনো অপরাধ খুঁজে পায়নি বলে দাবি করেন সিমারন। স্থানীয়দের দাবি, আজিজুর রহমান ঢালী কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে বলেও অভিযোগ করেন তাঁরা।
অভিযুক্তদের বক্তব্য
অভিযোগের বিষয়ে জানতে চাইলে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম শেখ মুঠোফোনে বলেন, তিনি বিষয়টি ফেসবুকে দেখেছেন। ছেলে বা মেয়েটিকে তিনি ব্যক্তিগতভাবে চেনেন না। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। শাহীন শেখ বলেন, তাঁদের এলাকায় সুনাম রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তোলা হয়েছে। এ ঘটনার সঙ্গে তিনি বা তাঁর ভাই জড়িত নন।
এ বিষয়ে টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম আহম্মেদ বলেন, আজিজুর রহমানকে পদ-পদবিসহ গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
আজিজুর রহমান ঢালীর রাজনৈতিক পরিচয় নিয়ে নতুন তথ্য সামনে এনেছেন বিএনপি নেতা সুমন হাওলাদার। তাঁর দাবি, আজিজুর রহমান টঙ্গীবাড়ি উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। এ দাবির সমর্থনে আওয়ামী লীগের ইউনিয়ন কমিটির একটি কাগজ উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি।
মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের প্রচার সম্পাদক সুমন হাওলাদারের ভাষ্য, আজিজুর রহমান ঢালী টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদবিষয়ক সম্পাদক ছিলেন। এ দাবির সমর্থনে তিনি ইউনিয়ন আওয়ামী লীগের কমিটির একটি কাগজ উপস্থাপন করেছেন বলে জানা গেছে। তাঁর দাবি, পেশায় শিক্ষক হওয়ায় আজিজুর রহমান আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন নির্বাচনে প্রিজাইডিং অফিসার অথবা সহকারী প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। ওই সময়ের নির্বাচনে ভোটের অনিয়ম ও কারচুপিতে তাঁর সম্পৃক্ততা ছিল বলেও অভিযোগ করেন সুমন হাওলাদার।