উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জে সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ৭১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, ছিনতাইকারী, ওয়ারেন্টভুক্ত আসামি এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য রয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ২ হাজার ১২২ পিস ইয়াবা, ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা ও ৮০ লিটার চোলাই মদ জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ৭ জন মাদক ব্যবসায়ী, ২৮ জন মাদকসেবী, ওয়ারেন্টভুক্ত ১৩ জন, ৯ জন ছিনতাইকারী, নিয়মিত মামলার ৬ জন আসামি, অন্যান্য ধারায় ৬ জন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের ২ সদস্য রয়েছেন।
থানাভিত্তিক গ্রেপ্তারের তথ্যে জানা যায়, নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৬ জন, ফতুল্লা মডেল থানা ৭ জন, সিদ্ধিরগঞ্জ থানা ৯ জন, বন্দর থানা ৮ জন, সোনারগাঁ থানা ২৫ জন, রূপগঞ্জ থানা ১২ জন এবং আড়াইহাজার থানা পুলিশ ৪ জনকে গ্রেপ্তার করেছে।
সিদ্ধিরগঞ্জে ৮০ লিটার চোলাই মদ ও ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা এলাকায় ২ হাজার ৫০ পিস ইয়াবাসহ তিনজন এবং সোনারগাঁয়ে ৭২ পিস ইয়াবাসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ছাড়া সোনারগাঁয়ে ২৫ জন এবং রূপগঞ্জে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জেলা পুলিশের ভাষ্য, অপরাধ নিয়ন্ত্রণে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।