উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের তিন নেতার বহিষ্কারাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহারের পর নতুন করে আশার আলো দেখছেন মুন্সীগঞ্জের বহিষ্কৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা। কেন্দ্রীয় যুবদলের এ সিদ্ধান্তের পর তাঁদের মধ্যেও সাংগঠনিক শাস্তি প্রত্যাহার এবং স্বপদে ফেরার প্রত্যাশা তৈরি হয়েছে।
গত শুক্রবার (২৩ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির এক প্রেস বিজ্ঞপ্তিতে মুন্সীগঞ্জ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুব হাসান সোহাগ, যশোরের মনিরামপুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মুক্তার হোসেন এবং সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা যুবদল নেতা হাবিবুর রহমান ফারুকের বিষয়ে সিদ্ধান্ত প্রত্যাহারের কথা জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের অভিযোগে মাহবুব হাসান সোহাগ ও মো. মুক্তার হোসেনকে বহিষ্কার করা হয়েছিল। অন্যদিকে, একই ধরনের অভিযোগে হাবিবুর রহমান ফারুককে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁদের বিরুদ্ধে নেওয়া সাংগঠনিক সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে।
যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন এমপি এ সিদ্ধান্ত কার্যকর করেন।
কেন্দ্রীয় পর্যায়ে আবেদন বিবেচনা করে বহিষ্কারাদেশ ও অব্যাহতির আদেশ প্রত্যাহারের এ ঘটনা মুন্সীগঞ্জের বহিষ্কৃত বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে। তাঁদের অনেকে মনে করছেন, দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার সুযোগ থাকায় আবেদন করলে তাঁদের বিষয়েও কেন্দ্রীয় নেতৃত্ব ইতিবাচক সিদ্ধান্ত নিতে পারে।
তবে মুন্সীগঞ্জের অন্য বহিষ্কৃত নেতাদের বিষয়ে বিএনপি বা এর অঙ্গসংগঠনের পক্ষ থেকে নতুন কোনো সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি। তাঁদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হবে কি না, তা নির্ভর করছে সংশ্লিষ্ট সাংগঠনিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর