উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
গাজীপুর মহানগরের কাশিমপুর থানাধীন শৈলডুবি এলাকায় সুপ্রিম গার্মেন্টসের কার্টুনের গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে। আরও একটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার পথে রয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে কারখানার কার্টুনের গুদামে আগুন লাগে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার পর কারখানার শ্রমিক ও স্থানীয় লোকজন প্রাথমিকভাবে তা নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। খবর পেয়ে কাশিমপুর ডিবিএল মিনি ও সারাবো ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও চারটি ইউনিট যোগ দেয়।
ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক এবং সারাবো ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর শামীম আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁরা জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।
তবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ ও হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।