উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ফ্রান্স থেকে যুক্তরাজ্যে দুই ভিয়েতনামি অভিবাসীকে দুটি ট্র্যাভেল ব্যাগের ভেতরে ভরে পাচারের চেষ্টার দায়ে এক পুরুষ ও এক নারীকে কারাদণ্ড দিয়েছেন আদালত। পুরুষকে ৩০ মাস এবং নারীকে ১২ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারীর ক্ষেত্রে আট মাসের সাজা কারাগারে কার্যকর হবে; বাকি চার মাস নির্দিষ্ট শর্তে কারাগারের বাইরে ভোগ করার সুযোগ রয়েছে। বুধবার (২১ অক্টোবর) ফ্রান্সের নরমান্দি অঞ্চলের দিয়েপ শহরের আদালত এ রায় দেন।
মামলার তথ্য অনুযায়ী, গত ২৭ আগস্ট দিয়েপ বন্দরে যুক্তরাজ্যগামী ফেরিতে ওঠার চেষ্টা করার সময় ওই নারী ও পুরুষকে আটক করে পুলিশ। তাদের গাড়ির পেছনে লাগেজ রাখার জায়গায় দুটি ভ্রমণ ব্যাগের ভেতরে দুই ভিয়েতনামি অভিবাসীকে পাওয়া যায়।
অভিযোগ অনুযায়ী, বৃহত্তর প্যারিসের ইভলিন এলাকা থেকে যাত্রা শুরু করেছিলেন অভিযুক্তরা। প্রধান অভিযুক্ত পুরুষটি টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে তৃতীয় এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করেন। অবৈধভাবে অবস্থানরত দুই অভিবাসীকে গাড়িতে করে পরিবহনের বিনিময়ে তাকে ২ হাজার ৫০০ ইউরো দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বলে মামলায় উল্লেখ করা হয়।
ওই নারীর দাবি, ঘটনার দিন সকালে তিনি প্রথম জানতে পারেন, আরও দুজন তাদের সঙ্গে যুক্তরাজ্যে যাবেন। এর আগে তিনি ভেবেছিলেন, লন্ডনে একটি কার্নিভালে অংশ নিতে যাচ্ছেন।
আদালতে দুই অভিবাসী জানান, পুরো যাত্রাপথে তাদের দুটি ভ্রমণ ব্যাগের ভেতরে রাখা হয়েছিল। এতে তাদের শ্বাস নিতে অসুবিধা হচ্ছিল বলে তারা অভিযোগ করেন।
অন্যদিকে, দুই অভিযুক্ত দাবি করেন, দিয়েপে পৌঁছানোর আগ পর্যন্ত অভিবাসীদের গাড়ির পেছনের আসনে বসিয়ে নেওয়া হয়েছিল। আলবাত্র উপকূলে পৌঁছানোর পর তাদের লাগেজ রাখার জায়গায় সরিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তারা।
বিচার চলাকালে অভিবাসীদের এভাবে পরিবহনের বিষয়টি গুরুত্ব পায়। আদালত অভিযুক্ত পুরুষকে ৩০ মাসের কারাদণ্ড দেন। তার বিরুদ্ধে ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যে সহিংসতা ও মাদক পাচারসংক্রান্ত অপরাধে আটটি মামলা বা দণ্ডের রেকর্ড থাকার কথাও উল্লেখ করা হয়।
পুরুষটির আইনজীবী এতিয়েন নোয়েল আদালতে বলেন, তার মক্কেল বেকার ছিলেন এবং অর্থ উপার্জনের সুযোগ হিসেবে এ কাজ করেছিলেন। এখন তিনি নিজের কাজের জন্য অনুতপ্ত।
অন্যদিকে, নারী অভিযুক্তের আগে কোনো অপরাধের রেকর্ড ছিল না বলে তার আইনজীবী জানান। আদালত তাকে ১২ মাসের কারাদণ্ড দেন। এর মধ্যে আট মাস কারাগারে কার্যকর হবে এবং বাকি চার মাস নির্দিষ্ট শর্তে কারাগারের বাইরে ভোগ করার সুযোগ রয়েছে।