উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কোনো মামলায় গ্রেপ্তার হলে যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো এবং ভবিষ্যতে দেশটির ভিসা পাওয়ার অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও রয়েছে বলে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
শনিবার (২৪ অক্টোবর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ সতর্কবার্তা দেওয়া হয়।
পোস্টে দূতাবাস জানায়, গ্রেপ্তারের কারণে কারও যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে। সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে ফেরত পাঠানো হতে পারে এবং ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার অযোগ্যও বিবেচনা করা হতে পারে।
এর আগে, চলতি মাসের ১০ অক্টোবর অপরাধে জড়িত থাকার কারণে ভিসা বাতিল ও যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার ঝুঁকি নিয়ে আরেকটি সতর্কবার্তা প্রকাশ করে দূতাবাস।
ওই বার্তায় শারীরিক আক্রমণ, চুরি, জোরপূর্বক চুরি এবং অনুপ্রবেশের মতো অপরাধের কথা উল্লেখ করা হয়। এসব অপরাধের কারণে সংশ্লিষ্ট ব্যক্তির ভিসা বাতিল হতে পারে এবং তিনি যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রে স্থায়ীভাবে অযোগ্য বিবেচিত হতে পারেন বলে জানানো হয়।
দূতাবাস আরও জানায়, যুক্তরাষ্ট্র আইনশৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। দেশটিতে আসা বিদেশি পর্যটক ও ভ্রমণকারীদের মার্কিন আইন মেনে চলার প্রত্যাশা করে দেশটির কর্তৃপক্ষ।