উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক পরিচালক আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। শনিবার (২৪ অক্টোবর) ভোরে রাজধানীর মগবাজারে বিশাল সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।
পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিএনজিচালিত অটোরিকশায় এসে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি ফুটপাতে পার্কিং করা গাড়িটি লক্ষ্য করে গুলি ছুড়ে পালিয়ে যান। ঘটনার সময় আসিফ আকবর নিজের অফিসে ছিলেন। ফলে তিনি অক্ষত রয়েছেন।
পুলিশ জানায়, গাড়িটির পেছনের জানালা খুলে ভেতর থেকে গুলির একটি খোসা উদ্ধার করা হয়েছে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আসিফ আকবর ও তাঁর এক বন্ধুর উপস্থিতিতে গুলির খোসাটি জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়। গাড়িটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আবুল বাশার তালুকদার। তিনি আসিফ আকবরের সঙ্গে কথা বলেন। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, হামলাকারীকে শনাক্ত করতে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার মো. ইবনে মিজান জানান, ঘটনার কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি। আসিফ আকবরও এ বিষয়ে কোনো তথ্য দিতে পারেননি। তাঁর সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা বা ব্যবসায়িক বিরোধ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান জানান, গুলির সময় গাড়িতে ছিলেন না আসিফ আকবর। এ ঘটনায় কে বা কারা জড়িত এবং কী কারণে গুলি চালানো হয়েছে, তা জানতে তদন্ত চলছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার নেপথ্য কারণ অনুসন্ধান করে জড়িতদের শনাক্ত এবং তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত হামলার উদ্দেশ্য বা আসিফ আকবরের ব্যক্তিগত কিংবা পেশাগত কোনো বিরোধের সঙ্গে ঘটনার যোগসূত্র নিশ্চিত হয়নি।