উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশের অভিযানে রামদা, চাপাতি, ছুরিসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার; তিনজনের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলা
নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় দেশীয় অস্ত্রসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রয়েছেন ১১টি মামলার আসামি হিসেবে পরিচিত চোক্কা ওরফে খোকন (৩৬)। শুক্রবার (২৩ অক্টোবর) রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে উপজেলার সোনাচড়া ও রামনগর এলাকার বায়তুল মামুর জামে মসজিদের পেছনে তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার অন্য দুজন হলেন রামনগর এলাকার মো. পারভেজ (২৮) ও মো. মঞ্জুর (৫০)।
পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান পিপিএমের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) তারেক আল মেহেদী এবং অতিরিক্ত পুলিশ সুপার (খ-সার্কেল) দীপংকর ঘোষের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিনের নেতৃত্বে অভিযানে অংশ নেন থানার তদন্ত কর্মকর্তা মো. মিজানুর রহমানসহ পুলিশের একটি দল।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে একটি রামদা, একটি প্লাস্টিকের বাটযুক্ত ছুরি, একটি চাপাতি, কালো টেপে মোড়ানো একটি ছুরি, হলুদ প্লাস্টিকের বাটযুক্ত দুটি ছুরি এবং একটি তার কাটার প্লাস উদ্ধার করা হয়েছে।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের উদ্দেশ্যে দেশীয় অস্ত্র নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, চোক্কা ওরফে খোকনের বিরুদ্ধে ডাকাতিসহ ১১টি মামলা চলমান এবং পাঁচটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। পারভেজের বিরুদ্ধে একটি ডাকাতির প্রস্তুতি মামলা ও একটি গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। মঞ্জুরের বিরুদ্ধে ডাকাতির প্রস্তুতির মামলাসহ মোট তিনটি মামলা চলমান রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বন্দর থানায় ডাকাতির প্রস্তুতির মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।