উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
২৭ ও ২৮ অক্টোবরের আয়োজন সফল করতে প্রস্তুতিমূলক সভা, থাকছে ‘বিশেষ চমক’
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে দুই দিনব্যাপী কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে উপজেলা যুবদল। আগামী ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচি সফল করতে রোববার (২৫ অক্টোবর) প্রস্তুতিমূলক সভা করেছে সংগঠনটি।
দুপুরে সোনামিয়া ম্যানশনের তৃতীয় তলায় উপজেলা যুবদলের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিবের নির্দেশনায় কর্মসূচির প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে সভায় জানানো হয়।
সভায় নেতারা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে উপজেলা ও পৌরসভার তৃণমূলের নেতা-কর্মীদের অংশগ্রহণ নিশ্চিত করতে কাজ চলছে। সুশৃঙ্খল আয়োজনের মধ্য দিয়ে সংগঠনের ঐক্য ও সাংগঠনিক সক্ষমতা তুলে ধরতে চান তাঁরা। এ ছাড়া দুই দিনের কর্মসূচিতে ‘বিশেষ চমক’ থাকবে বলেও জানান নেতারা। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তাঁরা।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ ভূইয়া বলেন, “আমাদের মূল লক্ষ্য সোনারগাঁয়ে যুবদলকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করা। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিগুলো এমনভাবে সাজিয়েছি, যা সর্বস্তরের মানুষের দৃষ্টি আকর্ষণ করবে। সোনারগাঁ যুবদল এই প্রতিষ্ঠাবার্ষিকীতে নতুন চমক উপহার দেবে।”
উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরে ইয়াসিন নোবেল ও কাউসার আহমেদ বলেন, তৃণমূলের কর্মীরাই যুবদলের মূল শক্তি। প্রতিষ্ঠাবার্ষিকীর প্রতিটি কর্মসূচি সফল করতে নেতা-কর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করছেন। তাঁরা দুই দিনের আয়োজনে উপজেলা ও পৌরসভার সব নেতা-কর্মীকে অংশ নেওয়ার আহ্বান জানান।
প্রস্তুতিমূলক সভায় আরও উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সহসভাপতি হারুন অর রশিদ মিঠু, পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হযরত আলী রানা এবং যুবদল নেতা করিম রহমান, রাকিব হাসান, সোহেল রানা, মাসুম বিল্লাহ, ইমরান ফারুক, খোকন সিকদার, বাবুল হোসেন, আরিফ হোসেন ও সোহাগসহ স্থানীয় নেতা-কর্মীরা।