উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কারখানা বন্ধের অভিযোগ, সেপ্টেম্বরের বেতনসহ সব পাওনা পরিশোধের দাবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় রিচ প্লাস নিটওয়্যার লিমিটেড কারখানা বন্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন শ্রমিকেরা। কারখানা চালু, বকেয়া বেতন এবং অন্যান্য আইনানুগ পাওনা পরিশোধের দাবিতে রোববার (২৫ অক্টোবর) এ কর্মসূচি পালন করেন তাঁরা।
সকাল ১১টায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আয়োজিত সমাবেশে প্রায় ৬০ জন শ্রমিক অংশ নেন। পরে একটি মিছিল চাষাঢ়া মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে শ্রমিকনেতারা অভিযোগ করেন, পূজার ছুটি শেষে শনিবার সকালে কাজে গিয়ে শ্রমিকেরা কারখানার ফটক তালাবদ্ধ দেখতে পান। সেখানে অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের নোটিশ টাঙানো ছিল। শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা না করেই মালিকপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে দাবি তাঁদের। এতে শতাধিক শ্রমিক অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব বলেন, কারখানা বন্ধের আগে শ্রমিকদের সঙ্গে আলোচনা করা হয়নি। কারখানা কবে চালু হবে এবং শ্রমিকদের পাওনা কবে ও কীভাবে পরিশোধ করা হবে, সে বিষয়েও স্পষ্ট কোনো বক্তব্য দেওয়া হয়নি।
তিনি বলেন, শ্রমিকেরা সেপ্টেম্বর মাসের বেতন পাননি। অবিলম্বে কারখানা চালু করতে হবে। তা সম্ভব না হলে শ্রমিকদের আইনসংগত পাওনা পরিশোধের নির্দিষ্ট সময় জানাতে হবে। সংকট সমাধানে প্রশাসন ও বিকেএমইএর হস্তক্ষেপও দাবি করেন তিনি।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ অভিযোগ করেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা ছাড়াই কারখানা বন্ধ করা হয়েছে। নোটিশে এক মাস পর টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলেও দাবি করেন তিনি। মালিকপক্ষের এ সিদ্ধান্তকে বেআইনি আখ্যা দিয়ে অবিলম্বে কারখানা চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আহ্বান জানান তিনি।
সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শরীফ বলেন, সেপ্টেম্বরের বেতন এবং অক্টোবর মাসে কাজের মজুরি পরিশোধ না করেই কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। পূজা উপলক্ষে তিন দিনের ছুটি শেষে শনিবার কাজে এসে শ্রমিকেরা কারখানা বন্ধ দেখতে পান।
তিনি আরও বলেন, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন পরিচালনা করে। রিচ প্লাস নিটওয়্যারের শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের আন্দোলনে সংগঠনটি পাশে থাকবে।
সমাবেশ থেকে বন্ধ কারখানা চালু, শ্রমিকদের বকেয়া বেতন ও আইনানুগ পাওনা পরিশোধের পাশাপাশি জাতীয় পে-স্কেলের সঙ্গে সংগতিপূর্ণ নতুন মজুরি কাঠামো গঠনের দাবি জানানো হয়।
গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি হাসনাত কবীরের সঞ্চালনায় সমাবেশে সংগঠনের অন্যান্য নেতারাও বক্তব্য দেন।