উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
পুলিশকে শক্তিশালী ও ক্ষমতায়িত করতে সবার সহযোগিতা কামনা করেছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির বিপিএম। তিনি বলেছেন, পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে কেউই সমাজে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন না। বাংলাদেশ পুলিশকে মানবিক ও বন্ধুসুলভ বাহিনী হিসেবে গড়ে তুলতে সবার সহযোগিতা প্রয়োজন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে বাগেরহাটে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
‘সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন’—এই আহ্বানকে সামনে রেখে নতুন পুলিশ লাইন্সে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আইজিপি বলেন, বর্তমান সরকার পুলিশকে আধুনিক বাহিনী হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। সরকারের উদ্যোগের ফলে পুলিশের বিদ্যমান সমস্যাগুলো অচিরেই সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
তিনি আরও বলেন, মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে অর্থনৈতিক উন্নয়ন প্রয়োজন। দেশে বেকারত্বের সমস্যা রয়েছে। প্রতিবছর ২৫ থেকে ৩০ লাখ শিক্ষিত বেকার এই সংখ্যার সঙ্গে যুক্ত হচ্ছেন বলে উল্লেখ করেন তিনি। বেকারত্বসহ বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির কথা তুলে ধরেন পুলিশপ্রধান।
আইজিপি বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে বাল্যবিবাহ, কিশোর গ্যাং, মাদক ও দুর্নীতিসহ ১৫টি সামাজিক সমস্যা সমাধানে কাজ করা সম্ভব।
কিশোর গ্যাং নির্মূলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নিয়ে কমিটি গঠনের কথা উল্লেখ করে তিনি বলেন, এই কমিটির কার্যক্রম ইউনিয়ন পর্যায় পর্যন্ত বিস্তৃত করা হবে।
স্থানীয়দের উদ্দেশে আইজিপি বলেন, কোন এলাকায় কারা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত, কোথায় মাদক গ্রহণ করা হয়—এসব বিষয়ে স্থানীয় বাসিন্দারা অনেক কিছু জানেন। তাই অপরাধ প্রতিরোধে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, জনগণের সহযোগিতা পেলে একটি শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।
সমাবেশ শেষে আইজিপি জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে জেলা পুলিশের আয়োজনে বিশেষ কল্যাণ সভায় অংশ নেন। সেখানে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।