উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নির্মাণ শেষে ইউনিয়ন পরিষদে হস্তান্তর, ব্যবহারের আগেই উচ্ছেদ; জমির মালিকানা যাচাই ও দপ্তরগুলোর সমন্বয় নিয়ে প্রশ্ন
নারায়ণগঞ্জের বন্দরে প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত জনশৌচাগার জনগণের ব্যবহারের আগেই রেলওয়ের উচ্ছেদ অভিযানে ভেঙে ফেলা হয়েছে। নির্মাণকাজ শেষে স্থাপনাটি বন্দর ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হলেও কেন সেটি শেষ পর্যন্ত ব্যবহার করা গেল না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রকল্পের স্থান নির্বাচন, জমির মালিকানা যাচাই এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয় নিয়ে দেখা দিয়েছে বিতর্ক।
নবীগঞ্জ রেললাইনসংলগ্ন এলাকায় ‘উপজেলা টাউন মাস্টার প্ল্যান ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের’ আওতায় জনশৌচাগারটি নির্মাণ করা হয়। ২০২৪ সালের ১৮ জানুয়ারি শুরু হওয়া কাজ শেষ হয় ২০২৫ সালের ২৫ এপ্রিল। পরে স্থাপনাটি বন্দর ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হয়। কিন্তু গত ১২ অক্টোবর রেলওয়ের উচ্ছেদ অভিযানে সেটি ভেঙে ফেলা হয়।
রেলওয়ের দাবি, তাদের জমিতে শৌচাগার নির্মাণের বিষয়ে আগে কোনো চিঠি দেওয়া হয়নি কিংবা তাদের অবহিত করা হয়নি। অন্যদিকে, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) দাবি, উচ্ছেদের আগে তাদেরও কিছু জানানো হয়নি।
বন্দর উপজেলা প্রকৌশলী এস এম সামিক ইশরাক জানান, শৌচাগারটি নির্মাণের পর তিনি দায়িত্বে যোগ দিয়েছেন। নির্মাণকালে দায়িত্বে থাকা প্রকৌশলী এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।
তিনি বলেন, “এটি ভাঙার আগে রেলওয়ে কর্তৃপক্ষ থেকে আমাদের কিছুই জানানো হয়নি।”
উপজেলা প্রকৌশলী আরও জানান, উচ্ছেদের খবর পেয়ে তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং বিষয়টি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে লিখিতভাবে জানান।
বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা শিবানী সরকার বলেন, উচ্ছেদের পর বিষয়টি জানতে পেরে তিনি রেলওয়ে কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন। রেলওয়ের পক্ষ থেকে তাঁকে জানানো হয়েছে, তাদের জমিতে কোনো সমন্বয় বা অবহিতকরণ ছাড়াই স্থাপনাটি নির্মাণ করা হয়েছিল। এ কারণেই উচ্ছেদ অভিযানে সেটি ভেঙে ফেলা হয়।
এদিকে, স্থানীয় ওয়ার্ড সচিবের তথ্য অনুযায়ী, শৌচাগার নির্মাণের স্থানটি নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতাধীন। তবে কোনো এলাকা সিটি করপোরেশনের প্রশাসনিক সীমানায় থাকলেই সেখানকার সব জমির মালিকানা সিটি করপোরেশনের হয়ে যায় না। ফলে জমির প্রকৃত মালিকানা নিশ্চিত করতে সংশ্লিষ্ট দলিল ও ভূমি রেকর্ড যাচাই করা প্রয়োজন।
এ ঘটনায় প্রশ্ন উঠেছে, জমির মালিকানা ও নির্মাণের অনুমতি নিশ্চিত না করেই কি প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছিল? নির্মাণ শেষে স্থাপনাটি বন্দর ইউনিয়ন পরিষদের কাছে হস্তান্তর করা হলেও জমির মালিকানা, ব্যবহার ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব কীভাবে নির্ধারণ করা হয়েছিল, তা-ও স্পষ্ট নয়।
এ বিষয়ে বন্দর ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিদের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।
প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত একটি স্থাপনা ব্যবহারের আগেই ভেঙে ফেলায় সরকারি অর্থের অপচয়ের অভিযোগ উঠেছে। প্রকল্পের স্থান নির্বাচন, জমির মালিকানা যাচাই, অনুমোদন ও বাস্তবায়নের কোন পর্যায়ে ঘাটতি ছিল, তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবের জন্য দায়ীদের চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি উঠেছে।
প্রশ্ন এখন একটাই—জনগণের ব্যবহারের জন্য বরাদ্দ প্রায় ১৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত স্থাপনা ব্যবহারের আগেই ভেঙে গেল, এর দায়ভার নেবে কে?