উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
যুদ্ধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে ইতালির বিভিন্ন বড় শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। শনিবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত এসব বিক্ষোভে তুরিন, রোম ও বোলোনিয়ায় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। তবে মিলানে বিক্ষোভ মূলত শান্তিপূর্ণ ছিল।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহ আগে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, দোকানপাটে লুটপাট ও সম্পদ ভাঙচুরের ঘটনা ঘটেছিল। এর পরিপ্রেক্ষিতে শনিবার সম্ভাব্য সহিংসতা ঠেকাতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেয় কর্তৃপক্ষ। বিপুলসংখ্যক পুলিশ মোতায়েনের পাশাপাশি সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে অনেক দোকান বন্ধ রাখা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে বিক্ষোভের ডাক ছড়িয়ে পড়ার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তা জোরদার করে। গত সপ্তাহের সহিংসতার পুনরাবৃত্তি ঠেকানোই ছিল এ ব্যবস্থার মূল লক্ষ্য।
এদিকে, শনিবার ইতালির পুলিশ জানায়, গত সপ্তাহের বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট ‘অক্টোবর ১৭ মুভমেন্ট’ সংগঠিত করার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য মিলানের পুলিশ সদর দপ্তরে নেওয়া হয়।
তবে রয়টার্সের সাংবাদিকেরা শনিবারের বিক্ষোভে কোনো দোকানে লুটপাট বা সম্পদ ভাঙচুরের ঘটনা প্রত্যক্ষ করেননি।
সূত্র: রয়টার্স