উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় নতুন সার ডিলার নিয়োগের বাছাইপ্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। উপজেলার ১৩টি ইউনিয়নে ডিলার নিয়োগের জন্য ৫৫ জন আবেদন করলেও শেষ পর্যন্ত নির্বাচিত হয়েছেন ১৩ জন। তবে আবেদনকারীদের যোগ্যতা যাচাই, বাছাইয়ের মানদণ্ড ও নির্বাচিতদের তালিকা নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর বক্তব্যে অসংগতি দেখা দেওয়ায় প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে।
রোববার (২৫ অক্টোবর) উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয়ে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল জানান, উপজেলা সার ডিলার বাছাই কমিটির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সদস্যসচিব তিনি নিজে। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা আবেদনকারীদের তথ্য যাচাই-বাছাই করে প্রতিবেদন দিয়েছেন। পরে সেই প্রতিবেদন জেলায় পাঠানো হয়েছে।
তবে ৫৫ জন আবেদনকারীর মধ্যে কারা কোন যোগ্যতার ভিত্তিতে নির্বাচিত হয়েছেন, কীভাবে তাঁদের তথ্য যাচাই করা হয়েছে এবং বাছাইয়ে কোনো অনিয়ম হয়েছে কি না—এসব বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।
নিয়োগ পাওয়া ব্যক্তিদের মধ্যে বেতকা ইউনিয়নে মেসার্স সেলিম অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. শামীম ঢালী, আব্দুল্লাহপুরে মেসার্স হাওলাদার এগ্রো বিজনেসের মালিক কোতোয়াল জাহিদ হক, সোনারং-টঙ্গীবাড়ীতে মেসার্স হুমায়রা ট্রেডার্সের মালিক মো. মারুফ ইসলাম, আউটশাহীতে মেসার্স এস আর ট্রেডার্সের মালিক পাপিয়া আক্তার, আড়িয়লে মেসার্স সায়ান এন্টারপ্রাইজের মালিক তোহার হোসেন, বালিগাঁওয়ে মেসার্স মুন্সী এন্টারপ্রাইজের মালিক মো. রকিবুল ইসলাম এবং ধীপুরে মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক রিয়াদ মোল্লা রয়েছেন।
এ ছাড়া কাঠাদিয়া-শিমুলিয়ায় মেসার্স রাজ এন্টারপ্রাইজের মালিক মতিউর রহমান শিকদার, যশলংয়ে মেসার্স সায়মা এন্টারপ্রাইজের মালিক আশরাফ হোসেন, কামারখাড়ায় মেসার্স ইসমাইল এন্টারপ্রাইজের মালিক মো. ইসমাইল, পাঁচগাঁওয়ে মেসার্স নাফিজা এন্টারপ্রাইজের মালিক কাইয়ুম কবির, হাসাইল-বানারীতে মেসার্স এস কে করপোরেশনের মালিক আলী আকবর এবং দিঘিরপাড়ে মেসার্স মোল্লা ট্রেডার্সের মালিক সোহেল মোল্লা নিয়োগ পেয়েছেন।
যশলং ইউনিয়নে নিয়োগ পাওয়া মেসার্স সায়মা এন্টারপ্রাইজের মালিক আশরাফ হোসেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি বলে দাবি করেছে বিএনপির একটি পক্ষ। এ নিয়ে তাদের মধ্যে ক্ষোভ রয়েছে। এ ছাড়া নিয়োগ পাওয়া কয়েকজনের সার ব্যবসা সম্পর্কে পর্যাপ্ত ধারণা নেই বলেও অভিযোগ করেছেন স্থানীয় কয়েকজন।
তবে রাজনৈতিক পরিচয় বা ব্যবসায়িক অভিজ্ঞতা নিয়োগের নির্ধারিত শর্তের সঙ্গে কীভাবে সম্পর্কিত, তা যাচাই করতে সংশ্লিষ্ট নীতিমালা ও নির্বাচিতদের যোগ্যতার তথ্য পাওয়া প্রয়োজন।
উপজেলা মৎস্য কর্মকর্তা মোসাম্মৎ নিগার সুলতানা জানান, তদন্তে গিয়ে তাঁরা আবেদনকারীদের গোডাউন পরিদর্শন করেছেন। তদন্তে যা পাওয়া গেছে, সে অনুযায়ী প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আবেদনকারীদের তালিকা কৃষি কর্মকর্তার কাছে থাকার কথা বলেও তিনি জানান।
উপজেলা তদন্ত কমিটির সদস্য ও উপজেলা সমবায় কর্মকর্তা মো. মিজানুর আহসান চৌধুরী বলেন, তদন্তে গিয়ে কয়েকটি স্থানে গোডাউনের উপযোগিতা নিয়ে প্রশ্ন দেখা গেছে। কোথাও গরুর খামার থাকার কথা থাকলেও সেখানে পরিত্যক্ত হাউজ ও নালা দেখা গেছে। আবার আড়িয়ল মার্কেটের পেছনে পরিত্যক্ত জায়গায় কাঠের ঘর তুলে রাখা অবস্থায় পাওয়া গেছে, যেখানে জঙ্গল ছিল।
তিনি জানান, যেসব স্থান গোডাউন হিসেবে অনুপযোগী বলে মনে হয়েছে, সেসব বিষয়ে ইউএনওকে জানানো হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা পৃতীশ চন্দ্র পাল জানান, তিনি উপজেলা তদন্ত কমিটির সদস্যসচিব ছিলেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা তদন্ত করে প্রতিবেদন দিয়েছেন এবং সেই প্রতিবেদন জেলায় জমা দেওয়া হয়েছে। তবে আবেদনকারীদের তালিকা দিতে অস্বীকৃতি জানিয়ে তিনি বলেন, তালিকাটি তাঁর কাছে নেই।
অন্যদিকে, তাঁর কার্যালয়ে বসেই জেলা সার ও বীজ মনিটরিং কমিটির সদস্যসচিব এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. হাবিবুর রহমানের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আবেদনকারীদের তালিকা উপজেলা কৃষি কর্মকর্তার কাছে রয়েছে। কোনো অনিয়ম হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
দুই কর্মকর্তার বক্তব্যে আবেদনকারীদের তালিকা কার কাছে রয়েছে, তা নিয়ে অসংগতি দেখা দিয়েছে। ফলে ৫৫ জন আবেদনকারীর তথ্য এবং বাছাইপ্রক্রিয়ার নথি প্রকাশের দাবি আরও জোরালো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানজিমা আনজুম সোহানিয়া জানান, সার ডিলার নিয়োগের ক্ষেত্রে তদন্ত কমিটির দেওয়া তথ্য জেলায় পাঠানো হয়েছে। কেউ তথ্য গোপন করে থাকলে তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সার ডিলার নিয়োগের মতো গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে আবেদনকারীদের যোগ্যতা, যাচাই-বাছাইয়ের মানদণ্ড, গোডাউন পরিদর্শনের প্রতিবেদন এবং নির্বাচিতদের তালিকা প্রকাশের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কৃষকদের কাছে সার সরবরাহের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই নিয়োগপ্রক্রিয়ায় অভিযোগগুলোর নিরপেক্ষ যাচাই এবং সংশ্লিষ্ট নথি প্রকাশ করা হলে বাছাইয়ের স্বচ্ছতা নিয়ে ওঠা প্রশ্নের জবাব পাওয়া সম্ভব হবে।