উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলের নতুন কমিটি গঠন নিয়ে রাজনৈতিক অঙ্গনে আলোচনা জোরালো হচ্ছে। সম্ভাব্য কমিটিতে ত্যাগী, পরীক্ষিত ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নেতাদের মূল্যায়নের দাবি জানিয়েছেন তৃণমূলের নেতাকর্মীরা। তবে নতুন কমিটি গঠনের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
নতুন কমিটি শিগগিরই ঘোষণা হতে পারে—এমন গুঞ্জনের মধ্যে পদপ্রত্যাশী নেতাদের তৎপরতাও বেড়েছে। কেন্দ্রীয় নেতাদের সঙ্গে যোগাযোগের পাশাপাশি সাংগঠনিক অবস্থান তুলে ধরা এবং প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে কর্মীসমাগমের প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।
তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা, নতুন নেতৃত্ব নির্বাচনে শুধু কেন্দ্রীয় যোগাযোগ কিংবা কর্মীসমাগমের সামর্থ্য নয়, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সাংগঠনিক দক্ষতা এবং কর্মীদের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেওয়া হবে। বিশেষ করে রাজনৈতিক প্রতিকূলতার সময়ে যাঁরা মাঠে ছিলেন, তাঁদের যথাযথ মূল্যায়ন চান তাঁরা।
২০২২ সালের মার্চে গোলাম ফারুক খোকনকে আহ্বায়ক ও মশিউর রহমান রনিকে সদস্যসচিব করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। ২০২৩ সালের আগস্টে সাদেকুর রহমান সাদেককে আহ্বায়ক, খাইরুল ইসলাম সজীবকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং মশিউর রহমান রনিকে সদস্যসচিব করে তিন সদস্যের নতুন কমিটি দেওয়া হয়। পরে ২০২৫ সালের জানুয়ারিতে কমিটি ৫১ সদস্যে সম্প্রসারণ করা হয়।
অন্যদিকে, ২০২৩ সালের আগস্টে মনিরুল ইসলাম সজলকে আহ্বায়ক, সাগর প্রধানকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক এবং সাহেদ আহমেদকে সদস্যসচিব করে মহানগর যুবদলের কমিটি অনুমোদন দেয় কেন্দ্র। পরে এই কমিটিও ৫১ সদস্যে সম্প্রসারিত হয়।
দলীয় সূত্রের ভাষ্য, আহ্বায়ক কমিটির মাধ্যমে সম্মেলন আয়োজন করে নিয়মিত নেতৃত্ব নির্বাচনের প্রত্যাশা থাকলেও গত তিন বছরে জেলা ও মহানগর যুবদলের সম্মেলন হয়নি। এ অবস্থায় সম্মেলন কিংবা ভোটের পরিবর্তে কেন্দ্র থেকে সরাসরি নতুন কমিটি ঘোষণার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে। ছাত্রদলের সাবেক নেতা ও তরুণদের মধ্য থেকে নতুন মুখ আসতে পারে বলেও গুঞ্জন রয়েছে।
নতুন কমিটির আলোচনা প্রসঙ্গে মহানগর যুবদলের আহ্বায়ক মনিরুল ইসলাম সজল বলেন, “নতুন কমিটি হবে কিনা, এটা তো আমি জানি না, এটা কেন্দ্র জানে। আমার যতটুকু জানামতে, এখনো পর্যন্ত নতুন কমিটির কোনো প্রক্রিয়া হচ্ছে না।”
নেতৃত্ব নির্বাচনে সাংগঠনিক ভূমিকার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “নেতৃত্ব যারাই আসুক না কেন, তারা তো দলের কতটুকু কাজ করেছে, কী করেছে না করেছে, তাদের কর্ম দিয়েই তারা কেন্দ্রের কাছে মূল্যায়ন পাবে। কেন্দ্রই তো চিন্তাভাবনা করবে কে যোগ্য, কে যোগ্য না।”
অন্যদিকে যুবদল নেতা মশিউর রহমান রনি মনে করেন, আন্দোলন-সংগ্রামে কার কী ভূমিকা ছিল, তা কেন্দ্রীয় নেতৃত্বের জানা রয়েছে।
তিনি বলেন, “আন্দোলন-সংগ্রামের সময় ছাত্রদল-যুবদলই মাঠে ছিল। কেন্দ্রীয় যুবদলের বর্তমান নেতৃত্ব ভালো করেই জানে কারা আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে এবং কার কী অবস্থান ছিল।”
রনি আরও বলেন, “কেন্দ্রীয় নেতারাই জানেন কাকে কোথায় বসালে সংগঠনের গতিশীলতা বৃদ্ধি পাবে।”
এদিকে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও পেশিশক্তি প্রদর্শনের অভিযোগে বহিষ্কৃত নারায়ণগঞ্জের দুই যুবদল নেতা মোফাজ্জল হোসেন আনোয়ার ও মাসুদুর রহমান মাসুদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে সজল বলেন, সংশ্লিষ্ট নেতারা ভুলের জন্য দীর্ঘদিন শাস্তি পেয়েছেন। পরে কেন্দ্রের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন। সংগঠন একটি চলমান প্রক্রিয়া এবং কেন্দ্রীয় সিদ্ধান্তেই আগামী দিনের নেতৃত্ব চূড়ান্ত হবে।
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ২৭ ও ২৮ অক্টোবরের কর্মসূচিকে নিজেদের সাংগঠনিক অবস্থান তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন পদপ্রত্যাশীরা।
মহানগর যুবদলের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৭ অক্টোবর বর্ণাঢ্য র্যালি এবং পরদিন ২৮ অক্টোবর সকাল ১০টায় চাষাঢ়া শহীদ মিনারে বিনা মূল্যে চিকিৎসাসেবা ক্যাম্প আয়োজন করা হবে। একই দিন সিদ্ধিরগঞ্জের ১০ নম্বর ওয়ার্ডে মৎস্য পোনা অবমুক্তকরণের কর্মসূচিও রয়েছে।
নতুন কমিটি ঘোষণার আনুষ্ঠানিক সিদ্ধান্ত না এলেও নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুবদলে নেতৃত্বের যোগ্যতা, গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক ভূমিকা নিয়ে আলোচনা চলছে। তৃণমূলের প্রত্যাশা, আগামী কমিটিতে ত্যাগের মূল্যায়নের পাশাপাশি ব্যক্তিগত ভাবমূর্তি, সাংগঠনিক দক্ষতা ও কর্মীদের কাছে গ্রহণযোগ্যতাকে গুরুত্ব দেবে কেন্দ্রীয় নেতৃত্ব।