উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
কক্সবাজারের উখিয়ার পর্যটন এলাকা ইনানীতে নলকূপ স্থাপনের জন্য মাটি খনন করতে গিয়ে আগুনের কুণ্ডলি দেখা গেছে। গ্যাসের গন্ধযুক্ত ধোঁয়া বের হওয়ায় মাটির নিচে প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিরাপত্তার স্বার্থে প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ইনানীর ছোট ব্রিজসংলগ্ন এলাকায় নলকূপ স্থাপনের জন্য মাটি খননের সময় এ ঘটনা ঘটে। সকাল ১০টা পর্যন্ত ওই স্থানে আগুন জ্বলছিল।
খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। ফায়ার সার্ভিসের উখিয়া স্টেশন অফিসার সাইদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তখনো আগুন জ্বলছিল। প্রাথমিকভাবে মাটির নিচে গ্যাসের উপস্থিতির কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে আগুনের প্রবাহ বেশি হওয়ায় স্থানীয় বাসিন্দা ও আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনাস্থলের কাছাকাছি একটি পাঁচ তারকা হোটেলে কর্মরত স্থানীয় যুবক আলামিন জানান, আগুনের উৎপত্তিস্থলের পাশের একটি ঘরে তাঁরা কয়েকজন হোটেলকর্মী থাকেন।
আলামিন বলেন, “হঠাৎ আগুন দেখে খুবই ভয় পেয়েছি। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসেছেন।”
অন্যদিকে, আগুন বৈদ্যুতিক খুঁটির তারে লেগে ছড়িয়ে পড়ার আশঙ্কায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইনের মনখালী থেকে পাটুয়ারটেক পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছে উখিয়া পল্লীবিদ্যুৎ সমিতি।
ঘটনাস্থলে আগুনের প্রকৃত কারণ ও মাটির নিচে গ্যাসের উপস্থিতি রয়েছে কি না, তা নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরীক্ষা-নিরীক্ষা প্রয়োজন।