উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি টিনশেড বাড়িতে আগুন লেগে সাতটি ভাড়া ঘরের চাল ও আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুনে পুড়ে মারা গেছে দুটি গাভি। এ সময় গোয়ালঘর থেকে একটি বাছুর উদ্ধার করতে গিয়ে দগ্ধ হয়েছেন বাড়ির মালিক শহীদুল্লাহ।
মঙ্গলবার (২৭ অক্টোবর) ভোরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২ নম্বর ওয়ার্ডের মিজমিজি দক্ষিণপাড়া এলাকায় আমজাদ মার্কেটসংলগ্ন সাততলা মোড়ে এ ঘটনা ঘটে।
দগ্ধ শহীদুল্লাহকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তিনি বাসায় রয়েছেন।
স্থানীয় বাসিন্দাদের বরাতে জানা যায়, বাড়ির ভাড়াটিয়া মনির হোসেনের সঙ্গে সোমবার দিনের বেলা তাঁর স্ত্রী সাহিদার ঝগড়া হয়। পরে সাহিদা বাড়ি ছেড়ে চলে যান। অভিযোগ রয়েছে, এ ঘটনার জেরে রাতে মনির ঘরের বিছানার ওপর গ্যাসের সিলিন্ডার তুলে আগুন ধরিয়ে দেন। এরপর বাইরে থেকে ঘরে দুটি তালা লাগিয়ে তিনি চলে যান। পরে আগুন আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
তবে আগুনের সূত্রপাত নিয়ে স্থানীয়দের অভিযোগের সঙ্গে ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণার ভিন্নতা রয়েছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. আব্দুল্লাহ আল আরেফীন জানান, মঙ্গলবার ভোর ৩টা ৩৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। সকাল ৪টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে এবং ৫টা ২০ মিনিটে সম্পূর্ণ নেভানো হয়।
আগুনের সূত্রপাত সম্পর্কে তিনি বলেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।
ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত প্রয়োজন।