উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত অংশীদারত্ব আরও জোরদার করতে ‘সমৃদ্ধি ভাগাভাগির বিগ-বি’ নামে নতুন সহযোগিতা উদ্যোগ এগিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। জাপান সফররত বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকের পর এ উদ্যোগের কথা জানিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি।
সানায়ে তাকাইচি তাঁর ফেসবুক পোস্টে জানান, গণতন্ত্র ও আইনের শাসনের মতো মূল্যবোধে বিশ্বাসী বন্ধু হিসেবে তারেক রহমানের দায়িত্ব গ্রহণে তাঁকে সরাসরি অভিনন্দন জানাতে পেরে তিনি আনন্দিত। গণতান্ত্রিক সাধারণ নির্বাচনের মধ্য দিয়ে গঠিত তারেক রহমানের সরকারের দেশ গঠনের প্রচেষ্টায় জাপান জোরালো সমর্থন দেবে।
বৈঠকে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সহযোগিতা, অর্থনৈতিক সম্পর্ক এবং আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিয়ে আলোচনা হয়। জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশকে ‘মুক্ত ও উন্মুক্ত ইন্দো-প্যাসিফিক’ (এফওআইপি) বাস্তবায়নের গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে উল্লেখ করেন।
দুই দেশের সহযোগিতার অন্যতম ভিত্তি ‘বঙ্গোপসাগরীয় শিল্প প্রবৃদ্ধি অঞ্চল’ বা বিগ-বি (BIG-B) উদ্যোগকে আরও এগিয়ে নেওয়ার বিষয়েও একমত হন দুই নেতা। এর নতুন রূপ হিসেবে ‘সমৃদ্ধি ভাগাভাগির বিগ-বি’ নামের কৌশলগত সহযোগিতা উদ্যোগ বাস্তবায়নের কথা জানানো হয়।
বক্তব্যে সানায়ে তাকাইচি বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ ১৭ কোটি মানুষের একটি বৃহৎ ও তরুণ বাজার। বাংলাদেশের এই সম্ভাবনা জাপানের অর্থনীতির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অন্যদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানের শান্তিপূর্ণ রাষ্ট্র হিসেবে পথচলা, বাংলাদেশের স্বাধীনতার দ্রুত স্বীকৃতি এবং বিভিন্ন ক্ষেত্রে জাপান সরকার ও জনগণের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলে জানান জাপানের প্রধানমন্ত্রী।
দুই দেশের কৌশলগত অংশীদারত্বের ভিত্তিতে প্রকাশিত যৌথ বিবৃতির আলোকে সরকারি ও বেসরকারি পর্যায়ে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
‘একসঙ্গে, শক্তিশালী ও সমৃদ্ধ’ হওয়ার লক্ষ্য সামনে রেখে ইন্দো-প্যাসিফিক অঞ্চলে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সানায়ে তাকাইচি।
সূত্র: জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির ফেসবুক পোস্ট।