উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় বাসের অন্তত ১৫ যাত্রী আহত হয়েছেন। তাঁদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) ভোর ৬টার দিকে উপজেলার বৈরাগীগঞ্জ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বড়দরগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম উদ্দিন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ফজরের নামাজের পর বৈরাগীগঞ্জের শাহ আমানত পেট্রোল পাম্পের বিপরীত পাশে মাজার মসজিদের সামনে মাটিভর্তি একটি ডাম্প ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকা থেকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীগামী খান এন্টারপ্রাইজের একটি যাত্রীবাহী বাস এসে ট্রাকটির পেছনে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই বাসের এক যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন উদ্ধারকাজে অংশ নেন। আহত যাত্রীদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজনের মৃত্যু হয়।
বড়দরগা হাইওয়ে থানার ওসি মোয়াজ্জেম উদ্দিন জানান, দাঁড়িয়ে থাকা ডাম্প ট্রাকের পেছনে বাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৫ জন আহত হয়েছেন। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।