উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
ভারতীয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার গায়ের রং ও শারীরিক গড়ন নিয়ে মন্তব্য করে বিতর্কের মুখে পড়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। তাঁর সেই মন্তব্যকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী আখ্যা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা করেন অনেকে। তবে এসব বিতর্কে কান দিতে চান না তামান্না। নিজের অভিনয় ও নতুন কাজ নিয়েই মনোযোগী থাকতে চান তিনি।
সম্প্রতি এনডিটিভি প্রফিট ইগনাইট অনুষ্ঠানে অংশ নিয়ে বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে কথা বলেন তামান্না। এ সময় অভিনয়জীবনের বর্তমান পর্যায়ে এসে চরিত্র নির্বাচনের মাধ্যমে দর্শকের কাছে নিজের ভাবমূর্তি বদলানোর চেষ্টা করছেন কি না, সে প্রশ্নেরও উত্তর দেন তিনি।
তামান্না বলেন, একজন সৃজনশীল মানুষের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো মনোযোগ দিয়ে অন্যের কথা শোনা। তবে কোন বিষয় গ্রহণ করতে হবে আর কোন বিষয় এড়িয়ে যেতে হবে, সেটিও বুঝতে হবে।
অভিনেত্রীর ভাষায়, ‘আমরা যদি এ ধরনের বিষয়কে গুরুত্ব দিতে শুরু করি, তাহলে হয়তো জীবনে সামনে এগিয়ে যেতে পারব না।’
তিনি আরও বলেন, ‘আমি এসব বিষয় দেখিই না। আমি আমার কাজে মনোযোগ দিই। কী তৈরি করতে চাই, আমার অভিনয়জীবন—এসব নিয়েই ভাবি। সত্যি বলতে, আমি নিজের কাজকে একধরনের সেবা হিসেবে দেখি। আমি সেভাবেই কাজ করি। হয়তো এ কারণেই আমার কাজ মানুষের কাছে পৌঁছায়। কারণ, এর পেছনে আমার উদ্দেশ্যটা সঠিক।’
গত বছর ইউটিউবার শুভঙ্কর মিশ্রর চ্যানেলে একটি পডকাস্টে অংশ নিয়েছিলেন অভিনেতা আন্নু কাপুর। সেখানে তামান্নার ‘আজ কি রাত’ গানের একটি ক্লিপ নিয়ে আলোচনা হয়। উপস্থাপক গানটি কেমন লেগেছে জানতে চাইলে এবং তামান্নার প্রতি নিজের মুগ্ধতার কথা জানালে আন্নু কাপুর মন্তব্য করেন, ‘কী দুধের মতো ফর্সা শরীর!’
এরপর তামান্নার গান ও শারীরিক সৌন্দর্য নিয়েও মন্তব্য করেন তিনি। তাঁর বক্তব্যের ধরন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয়। অনেকের মতে, একজন অভিনেত্রীর কাজের পরিবর্তে তাঁর গায়ের রং ও শরীর নিয়ে এভাবে মন্তব্য করা আপত্তিকর। কেউ কেউ মন্তব্যটিকে নারীবিদ্বেষী ও যৌনতাবাদী বলেও অভিহিত করেন।
তামান্নাকে সর্বশেষ দেখা গেছে ‘বন: ফোর্স অব দ্য ফরেস্ট’ সিনেমায়। এতে তাঁর সহশিল্পী ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা।
সামনে তাঁকে দেখা যাবে বালাজি মোশন পিকচার্সের ‘রাগিণী এমএমএস ৩’ সিনেমায়। এতে আরও অভিনয় করছেন জুনায়েদ খান। ২০২৭ সালে ছবিটি মুক্তির কথা রয়েছে।
সূত্র: এনডিটিভি