উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
তুরাগ নদ থেকে উদ্ধার হওয়া বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় নতুন তথ্য সামনে এসেছে। এ ঘটনায় আটক তাঁর বন্ধুস্থানীয় ছোট ভাই আহমেদ শাহরিয়ার রেজা দীপ দাবি করেছেন, ঘটনার রাতে কিছু লোক ধাওয়া করলে তাহসিফ নদে ঝাঁপ দেন। তিনি নিজে পালিয়ে বাঁচেন। পরে পিবিআইয়ের জিজ্ঞাসাবাদে দীপ দাবি করেন, ধাওয়াকারীরা পুলিশের লোক ছিল।
এদিকে তাহসিফের মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ৫০ গজ দূরে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে নম্বরপ্লেটবিহীন একটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার দিবাগত রাতে মোটরসাইকেলটি উদ্ধারের পর রাজধানীর উত্তরখান থানায় নেওয়া হয়।
পিবিআই সদর দপ্তরের আইন ও গণমাধ্যম শাখার বিশেষ পুলিশ সুপার মো. আবু ইউসুফ জানান, উদ্ধার হওয়া মোটরসাইকেলটি তাহসিফের কি না, তা যাচাই করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে এটি তাঁর ব্যবহৃত মোটরসাইকেল বলে ধারণা করা হচ্ছে। নিখোঁজ হওয়ার আগে সংগৃহীত সিসিটিভি ফুটেজে তাহসিফের বাইকের পেছনে নম্বরপ্লেট দেখা যায়নি। উদ্ধার হওয়া মোটরসাইকেলটিতেও নম্বরপ্লেট ছিল না।
তদন্তসংশ্লিষ্ট পিবিআই কর্মকর্তারা জানান, তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকাটি মাদক কারবারিদের আনাগোনার জন্য পরিচিত। পুলিশের ধারণা, মাদক কারবারি বা কোনো দলের ধাওয়ার মুখে আত্মরক্ষার্থে তাহসিফ নদে ঝাঁপ দিয়ে পানিতে ডুবে মারা যেতে পারেন। তবে দীপের দাবি, ধাওয়াকারীরা সাধারণ অপরাধী নয়, পুলিশের লোক ছিল। তাঁর এই বক্তব্যসহ ঘটনার অন্যান্য তথ্য যাচাই করা হচ্ছে।
পরিবার ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে মোটরসাইকেল নিয়ে বের হন তাহসিফ। রাত ১টা ৩৫ মিনিটে মায়ের মুঠোফোনে পাঠানো শেষ ভয়েস মেসেজে তিনি দ্রুত বাসায় ফেরার কথা জানান। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।
পরদিন বুধবার বিকেলে তুরাগ নদের রাজবাড়ী ঘাট এলাকা থেকে তাঁর ভাসমান মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। মরদেহ উদ্ধারের সময় তাঁর হাতঘড়ি ও পকেটে থাকা সামগ্রী পাওয়া গেলেও মোটরসাইকেলটির সন্ধান পাওয়া যায়নি।
মৃত্যুরহস্য উদ্ঘাটনে বৃহস্পতিবার রাতে মোহাম্মদপুরের বাসা থেকে দীপকে হেফাজতে নেয় পিবিআই মেট্রো উত্তর। উত্তরার সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রকল্পের গ্যারেজের সামনে দীপের সঙ্গে হাত মিলিয়ে আলাদা দুটি মোটরসাইকেলে এলাকা ছাড়েন তাহসিফ।
বৃহস্পতিবার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ময়নাতদন্ত শেষে উত্তরায় তাহসিফকে দাফন করা হয়। তাঁর বাবা কে এম এনায়েতুল করিম ছেলের মৃত্যুকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করেছেন।
তিনি বলেন, ‘এটা কোনোভাবেই আত্মহত্যা নয়। সরকার সুষ্ঠু তদন্ত করলেই প্রকৃত অপরাধীদের মুখোশ উন্মোচিত হবে।’
দীপের দাবি, মোটরসাইকেল উদ্ধার এবং তাহসিফের বাবার হত্যাকাণ্ডের অভিযোগ—সব মিলিয়ে ঘটনাটির রহস্য উদ্ঘাটনে তদন্ত চালিয়ে যাচ্ছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।