উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের সাতটি থানা ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ১৩ জন মাদক ব্যবসায়ী এবং ৮৮ জন মাদকসেবী রয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নারায়ণগঞ্জ জেলা পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযানে ৬৩ ক্যান বিয়ার, ২৯৫ পিস ইয়াবা, ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ১৯ জন, নিয়মিত মামলার আসামি ১৪ জন, একজন চোর, অন্যান্য মামলার চারজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য রয়েছেন। থানাভিত্তিক অভিযানে নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ছয়জন মাদকসেবী, একজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং দুজন নিয়মিত মামলার আসামি।
ফতুল্লা মডেল থানা পুলিশ ৬৩ ক্যান বিয়ারসহ দুজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া ৫২ জন মাদকসেবী, ১০ জন ওয়ারেন্টভুক্ত আসামি, অন্যান্য মামলার একজন এবং কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্যসহ মোট ৬৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ৬১ বোতল স্কাফ, ৪৫ বোতল ফায়ারডিল ও ২৭০ পিস ইয়াবাসহ সাতজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। একই অভিযানে আটজন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার আট আসামিসহ মোট ২৫ জনকে গ্রেপ্তার করা হয়। বন্দর থানা পুলিশ ১০০ গ্রাম গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া একজন মাদকসেবী, দুজন ওয়ারেন্টভুক্ত আসামি ও অন্যান্য মামলার তিনজনসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোনারগাঁও থানা পুলিশ ১১ জন মাদকসেবী, একজন চোর ও একজন ওয়ারেন্টভুক্ত আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে। রূপগঞ্জ থানা পুলিশ ২৫ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া সাতজন মাদকসেবী ও নিয়মিত মামলার তিন আসামিসহ মোট ১৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে, আড়াইহাজার থানা পুলিশ তিনজন মাদকসেবী, তিনজন ওয়ারেন্টভুক্ত আসামি এবং নিয়মিত মামলার একজন আসামিসহ মোট সাতজনকে গ্রেপ্তার করেছে।
জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকবিরোধী অভিযান জোরদার করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।