উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
নারায়ণগঞ্জের বন্দর থেকে নিখোঁজের সাত দিন পর চাঁপাইনবাবগঞ্জের সিয়াম আলী (১৯) নামে এক যুবককে ঢাকার মুগদা এলাকা থেকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, সিয়াম অপহৃত হননি; বরং নিজেই আত্মগোপনে ছিলেন। শুক্রবার (৩০ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মুগদা থানাধীন উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়।
সিয়াম চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার বেগুনবাড়ি গ্রামের সাদিকুর রহমানের ছেলে। তিনি নারায়ণগঞ্জের বন্দরে লেবার সরদার সহিদুল ইসলামের তত্ত্বাবধানে প্রায় তিন থেকে চার মাস ধরে কাজ করছিলেন। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৩ অক্টোবর বাড়ির উদ্দেশে রওনা হওয়ার পর সিয়াম নিখোঁজ হন। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। এ সময় তাঁরা লেবার সরদার সহিদুল ইসলামকে সন্দেহ করেন। এ ঘটনায় সহিদুল ইসলাম ২৫ অক্টোবর বন্দর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নম্বর ১৫৪০।
সাত দিনেও সিয়ামের সন্ধান না মেলায় বিষয়টি নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের নজরে আসে। পরে তিনি জেলা গোয়েন্দা পুলিশকে বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরপর ডিবি পুলিশের এসআই মফিজুল ইসলাম, পিপিএম তথ্যপ্রযুক্তির সহায়তায় সিয়ামের অবস্থান শনাক্ত করেন। শুক্রবার উত্তর মুগদা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, সিয়াম নিজেই আত্মগোপনে ছিলেন। উদ্ধারের পর তাঁকে লেবার সরদার সহিদুল ইসলাম ও তাঁর ভাই আমিনুলের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।