উচ্চ মানের ছবি তৈরি হচ্ছে... অপেক্ষা করুন
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনাঘাটের জামালদী বাসস্ট্যান্ড এলাকায় ‘মুন্সীগঞ্জ গজারিয়া লোকজ সংস্কৃতি ও কুটির শিল্প বাণিজ্য মেলা-২০২৬’ আয়োজন নিয়ে স্থানীয় আলেম ও আয়োজকদের মধ্যে সৃষ্ট মতবিরোধের অবসান হয়েছে। আয়োজক কমিটির সঙ্গে স্থানীয় আলেমদের বৈঠকের পর মেলা আয়োজন নিয়ে আর কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
জানা গেছে, আয়োজক কমিটির সঙ্গে স্থানীয় আলেমদের এক বৈঠকে বিষয়টি মীমাংসা হয়। বৈঠকে খেলাফতে মজলিসের নেতা মুফতি নুর হোসেন নুরানিও উপস্থিত ছিলেন।
এর আগে জেলা প্রশাসনের অনুমোদন ও নির্ধারিত শর্ত মেনে মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হলেও মেলা বন্ধের দাবিতে গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করেন স্থানীয় একদল আলেম। অন্যদিকে, মেলা চালু রাখার পক্ষে অবস্থান নেন স্থানীয় বাসিন্দাদের একটি অংশ। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।
জানা গেছে, মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের অনুমোদনে আয়োজিতব্য এ মেলার জন্য সদর উপজেলার নয়াগাঁও গ্রামের মোহাম্মদ রতনকে ইজারা দেওয়া হয়েছে। মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জোবায়ের হোসেন স্বাক্ষরিত অনুমতিপত্রে মেলা পরিচালনার জন্য ২২টি শর্ত নির্ধারণ করা হয়েছে।
আয়োজকদের দাবি, জেলা প্রশাসনের অনুমতিপত্রে উল্লেখিত ২২টি শর্ত যথাযথভাবে অনুসরণ করেই তাঁরা মেলা পরিচালনা করবেন।